আর জি কর হাসপাতাল (RG Kar Medical College) কাণ্ডের ঠিক এক বছর পর ফের মুখর শহরের রাজপথ। শনিবারের জন্য ডাকা হয়েছে ‘অরাজনৈতিক’ নবান্ন অভিযানের (Nabanna Abhijan)। নির্যাতিত তিলোত্তমার বাবা-মা সকলকে আহ্বান জানিয়েছেন এই প্রতিবাদে সামিল হওয়ার, যেখানে রাজনৈতিক দলের পতাকা নিষিদ্ধ। উদ্দেশ্য, শুধুই ন্যায়বিচারের দাবিতে সংহতি।

কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেও এখনও পর্যন্ত কোনও পক্ষই পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি, এমনটাই জানালেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। শুক্রবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার বার্তা দিলেন এডিজি জাভেদ শামিম, সুপ্রতীম সরকার ও পুলিশ কমিশনার মনোজ বর্মা।

তাঁদের বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু নবান্ন চত্বরে (Nabanna Abhijan) ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারা জারি রয়েছে — ফলে সেখানে জমায়েত নিষিদ্ধ। মিছিলের জন্য নির্ধারিত হয়েছে মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে ও হাওড়া ময়দান। বিকল্প হিসেবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে মিছিল করার পরামর্শও দিয়েছে আদালত।

তবে প্রশাসনের কড়া সতর্কতা, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। অন্যদিকে, ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা হাই কোর্টে মামলা করেছেন জনজীবনে ব্যাঘাতের আশঙ্কায়। যদিও বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র বেঞ্চ জানিয়ে দেয়, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। পুলিশের অনুমতি না থাকলে প্রয়োজনে তারা ব্যবস্থা নিতে পারবে। এদিকে, শুক্রবার রাত থেকেই শহরে ডাক পড়েছে “নাইট ভিজিল” কর্মসূচির। শনিবার পৃথকভাবে চিকিৎসকদের এক যৌথ মঞ্চও মিছিল করবে কালীঘাট এলাকায়। সেই মিছিলেও আদালত হস্তক্ষেপ করেনি। পুলিশকে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশই দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: Mamata Banerjee: মোবাইলের রিংটোনেও রাজনীতি, শুভেন্দুর বিরোধিতায় তৃণমূলের ‘জয় বাংলা’ হুঙ্কার!

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours