তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদদের জন্য এক নতুন দিশা রচনা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি তাঁকে সংসদে দলীয় নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়ার পর বৃহস্পতিবার নয়াদিল্লিতে (New Delhi) প্রথম সাংসদ বৈঠকে অংশ নেন তিনি। সেখানে অভিষেকের কণ্ঠে ছিল শৃঙ্খলা, দায়িত্ব ও ঐক্যের তীব্র সুর।

সরাসরি বার্তা দেন—সংসদের অধিবেশন চলাকালীন কেবলমাত্র সাক্ষর করে ‘হাজিরা’র দায় মেটানো যাবে না, বরং প্রত্যেক সাংসদকে পুরো সময় সংসদে উপস্থিত থাকতে হবে, আলোচনা শুনতে ও বক্তব্য রাখতে হবে। সাংসদদের মধ্যে সক্রিয় উপস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরার বিষয়ে অভিষেক স্পষ্ট করে দেন—দলের তরফে যাঁকে যে বিষয়ে বক্তব্য দেওয়ার দায়িত্ব দেওয়া হবে, তাঁকে সেই নির্দেশ মেনেই কাজ করতে হবে।

সংসদ বন্ধ থাকাকালীন সময়েও সাংসদদের হাতে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। অভিষেক বলেন, “নিজ নিজ কেন্দ্রের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ বজায় রাখতে হবে। মাটির মানুষই আমাদের শক্তি।” দলের অন্দরের মতানৈক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিষেক সাংসদদের উদ্দেশে বলেন, “দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তা দলীয় শৃঙ্খলার মধ্যে থেকেই মেটাতে হবে।” এছাড়া সংবাদমাধ্যমে বক্তব্য রাখার সময় আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। দলের ভাবমূর্তি যেন কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখার বার্তা দেন।

দলের অভ্যন্তরীণ রদবদলের আবহে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা, কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়ের দায়িত্বগ্রহণ সেখানে অভিষেকের এই বৈঠক দলকে নতুন শৃঙ্খলার পথে নিয়ে চলার সংকেত। লোকসভার দলনেতা হিসেবে তাঁর নেতৃত্বের শুরুতেই তাঁর কড়া অবস্থান স্পষ্ট—তৃণমূলের ভবিষ্যৎ লক্ষ্য এখন শুধু লড়াই নয়, শৃঙ্খলাবদ্ধ একতা।

 

আরও পড়ুন: Mamata Banerjee: মোবাইলের রিংটোনেও রাজনীতি, শুভেন্দুর বিরোধিতায় তৃণমূলের ‘জয় বাংলা’ হুঙ্কার!

By Sk Rahul

Senior Editor of Newz24hours