দুই বছর পেরিয়ে গেলেও উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। এই দীর্ঘমেয়াদি সহিংসতা ও কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে এবার সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কর্নাটকের মাইসুরুতে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ৪২টি বিদেশ সফর করেছেন, অথচ দেশের অভ্যন্তরে অগ্নিগর্ভ মণিপুরে যাওয়ার সময় তাঁর হয়নি।”
শনিবার মাইসুরুতে ২৫০০ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাড়গে বলেন, “উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর প্রায় দুই বছর ধরে জাতিগত হিংসায় পুড়ছে। আমরা বারবার বলে এসেছি, কেন্দ্রের ভূমিকা সেখানে প্রশ্নের মুখে। অথচ প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও সংবেদনশীলতা বা দায়িত্বশীলতার পরিচয় মেলেনি।”
খাড়গে শুধু প্রধানমন্ত্রী নয়, বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধেও সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁর কটাক্ষ, “বিজেপি ও আরএসএস সংবিধান নতুন করে লেখার দাবি তুলছে। কিন্তু দেশের মানুষ কখনোই তাদের এই চক্রান্ত সফল হতে দেবে না। সংবিধান বদল মানে জনগণের অধিকার কেড়ে নেওয়া। আমরা তা হতে দেব না।”
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “মোদিজি, আপনি এই সংবিধানের দয়াতেই মুখ্যমন্ত্রী ও পরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে প্রবেশের সময় এই সংবিধানকেই প্রণাম করেছিলেন। আর আজ, সেই সংবিধানকেই আপনি হত্যা করছেন।” এছাড়াও রবার্ট বঢরার বিরুদ্ধে ইডির চার্জশিট নিয়ে খাড়গে বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। কংগ্রেসকে ছোট করতে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। তবে আমরা মাথা নত করব না। সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।”