২০২৩ সালের শুরুতে রাজকীয় আয়োজনে রাজস্থানের জয়সলমেরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। এক বছর পেরিয়ে কিয়ারা এখন মা। মঙ্গলবার তাঁদের ঘর আলো করে এল এক কন্যাসন্তান। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

 

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় তাঁদের দুই পরিবারকে। গত কয়েক সপ্তাহ ধরেই কিয়ারাকে হাসপাতালে যাতায়াত করতে দেখা যাচ্ছিল, যদিও তিনি সব সময় ছাতা দিয়ে নিজেকে আড়াল করেছিলেন ক্যামেরার চোখ থেকে। এমনকি হবু বাবা সিদ্ধার্থকেও কয়েকবার রাগ দেখাতে দেখা যায় চিত্রগ্রাহকদের ওপর।

 

এর আগেই গত মার্চ মাসে একটি ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন দম্পতি, যেখানে দুটি বড় হাতের উপর রাখা ছিল একটি শিশুর সাদা রঙের মোজা। ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার… খুব শিগগির আসছে।” তখন থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে।

 

২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেই থেকেই তাঁদের প্রেমের শুরু। যদিও তাঁদের প্রথম আলাপ ২০১৮ সালে কর্ণ জোহর পরিচালিত ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এর সেটে।

 

এরপর দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, দুবাই— নানা জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁদের। প্রেম থেকে পরিণয় এবং এখন অভিভাবকত্ব— সিদ্ধার্থ ও কিয়ারার জীবনের নতুন অধ্যায়ে শুভেচ্ছা জানিয়েছে বলিউড থেকে তাঁদের অনুরাগীরা।

 

আরও পড়ুন: Sandipta Sen: টলিউড থেকে মুম্বই: সন্দীপ্তা সেনের হিন্দি টেলিভিশন অভিষেক

Image source-Google

By Torsha