বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা।সংক্রমণের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে।এমন পরিস্থিতিতে এবার এই ডেঙ্গি নিয়ে শুরু হয়ে গেলো কেন্দ্র-রাজ্য সংঘাত।
শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন,ডেঙ্গি নিয়ে প্রতিনিয়ত কেন্দ্র সরকার রাজ্যগুলোকে নির্দেশ দিচ্ছে।কিন্তু এখনও বাংলার সরকার ডেঙ্গি নিয়ে কোনও তথ্য দেয়নি কেন্দ্রকে।কত জন রোগী রয়েছেন,তা জানানো হয়নি।এ ব্যাপারে রাজ্যের উচিত কেন্দ্রকে জানানো।প্রতিমন্ত্রীর মতে,কেন্দ্র ও রাজ্য সরকারকে মানুষের সেবা করতে হবে।তাই রাজ্যের উচিত মানুষের দিকে তাকানো।অবিলম্বে ডেঙ্গি সংক্রান্ত তথ্য যাতে কেন্দ্রকে জানানো হয়,সেই আর্জি রাখেন তিনি।
এদিকে কেন্দ্রকে ডেঙ্গি সংক্রান্ত তথ্য জানানোয় রাজ্যের কোনও বাধ্যবাধকতা নেই বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।তিনি বলেছেন,কেন্দ্রকে জানানোর কোনও বাধ্যবাধকতা নেই।রাজ্য সরকার যথেষ্ট দায়িত্বশীল।তিনি আরো উল্লেখ করেন,ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের চেষ্টার কোনও ত্রুটি নেই।তবে মানুষের সচেতন হওয়া জরুরি।
উল্লেখ্য,বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি যে ভাল নয় তা সকলের জানা। কলকাতা সহ একাধিক এলাকা, জেলায় দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তবে সম্প্রতি এই নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যসচিব। স্বাস্থ্য দফতরের সচিব-সহ সমস্ত আধিকারিকদের নিয়েই বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়, ডেঙ্গির প্রকোপ কোথায় কেমনভাবে বাড়ছে তা জানতে জেলায় জেলায় যাবে নজরদারি দল।এই দল বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে ডেঙ্গি পরিস্থিতির পর্যালোচনা করবে।
এক্ষেত্রে বলে রাখা দরকার,করোনা কালেও এ রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল। মহামারী মোকাবিলায় রাজ্যের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু তারপর কেন্দ্রের প্রতিনিধিদল পরিস্থিতি পরিদর্শনে এসে করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর প্রশংসা করে গিয়েছেন। ফলে কেন্দ্রের অভিযোগ ধোপে টেকেনি। এবার ডেঙ্গুর ক্ষেত্রেও একই অভিযোগ ওঠায় রীতিমত ক্ষুব্ধ রাজ্য সরকার।
আরো পড়ুন:KMC : তিন বছরে শহরে ৩০০ স্বাস্থ্যকেন্দ্র, সৌজন্যে কলকাতা পুরসভা