‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’—সঞ্জয় দত্তের এই মন্তব্য ঘিরেই সম্প্রতি উত্তাল হয়েছে সমাজমাধ্যম। একটি অনুষ্ঠানে অভিনেতার করা মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। নেটপাড়ার একাংশ তাঁর বক্তব্যের সমালোচনা করেন। এ বার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন সঞ্জয়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়, এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হলে তিনি দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন। ‘মুন্নাভাই’-এর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিতে গিয়ে অভিনেতা ভারতীয়দের ভালবাসা, উষ্ণতা এবং আতিথেয়তার প্রশংসা করেন। তবে একই সঙ্গে বলেন, পরিস্থিতির পরিবর্তনের কারণে তিনি আর আগের মতো দেশে শান্তি খুঁজে পান না। তাঁর সেই মন্তব্যের অংশ প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় জোর আলোচনা।

বিতর্কের পর সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সঞ্জয়। তিনি স্পষ্ট করে জানান, কোনও ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। তাঁর কথার মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বক্তব্যটি অন্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন অভিনেতা।

সঞ্জয় জানান, ওই সাক্ষাৎকারের কথোপকথনটি আগে থেকেই চিত্রনাট্য অনুযায়ী তৈরি করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল হালকা মেজাজে রসিকতা করা। নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ ছবির প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, তাঁর বক্তব্যেও সেই ছবিগুলির হাস্যরস এবং ব্যঙ্গের ছাপ ছিল। বিশেষ করে ‘গাঁধীগিরি’র কথা উল্লেখ করে তিনি জানান, এর মূল ভাবনাই হল ভালবাসা, উষ্ণতা, সহমর্মিতা এবং পারস্পরিক সৌহার্দ্য।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সঞ্জয় বলেন, তাঁর মন্তব্যটি একটি ‘স্ক্রিপ্টেড’ কথোপকথনের অংশ ছিল এবং সেটির উদ্দেশ্য ছিল হাস্যরস তৈরি করা। কিন্তু কথোপকথনের সম্পূর্ণ প্রেক্ষাপট সামনে না আসায় তাঁর বক্তব্যের অন্য রকম অর্থ তৈরি হয়েছে।

অভিনেতা আরও স্পষ্ট করেন, কাউকে অপমান বা অসম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর তাই প্রেক্ষাপটটি পরিষ্কার করতেই এই ব্যাখ্যা দিয়েছেন তিনি।

কাজের ক্ষেত্রে, আগামী দিনে সঞ্জয় দত্তকে দেখা যাবে ‘খলনায়ক রিটার্নস’ ছবিতে। ১৯৯৩ সালের জনপ্রিয় ছবি ‘খলনায়ক’-এর এই সিক্যুয়েল ঘিরেও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: অমিতাভের ‘মৃত্যুদাতা’ দেখতে গিয়ে ঘুম! প্রতিযোগীর কথা শুনে KBC-তে হেসে ফেললেন বিগ বি

Image source-Google

By Torsha