চণ্ডীগড়ে সলমন খানের নামে তৈরি হতে চলেছে বড় আবাসন প্রকল্প! এমনই খবর প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, এই বহুতল আবাসনের জন্য ইতিমধ্যেই তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। সলমন খান নিজেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর।

আবাসন প্রকল্পটির জন্য যে তিনটি নাম নথিভুক্ত হয়েছে, সেগুলি হল—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সলমন টাওয়ার্স’ এবং ‘সলমন খান টাওয়ার্স’। শেষ পর্যন্ত এই তিনটির মধ্যে কোনও একটি নাম বেছে নেওয়া হতে পারে। তবে অন্য কোনও নামও চূড়ান্ত হতে পারে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রকল্পের নাম নিয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

শুধু একটি বহুতল আবাসন নয়, প্রকল্পটি আরও বড় আকারে তৈরি হতে পারে বলে খবর। বাসিন্দাদের জন্য আধুনিক নানা সুযোগ-সুবিধাও থাকার কথা। এই প্রকল্পের সঙ্গে দু’টি আবাসন সংস্থা যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক সংস্থা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রকল্পটির চূড়ান্ত নাম, নকশা এবং অন্যান্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

সলমনের আবাসন নিয়ে এর আগেও একাধিক খবর প্রকাশ্যে এসেছে। ১৯৭৪ সাল থেকে বান্দ্রার গ্যালাক্সি আবাসনেই পরিবারের সঙ্গে থাকেন অভিনেতা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেটিই খান পরিবারের ঠিকানা।

সম্প্রতি বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি নতুন ছ’তলা আবাসিক ভবন তৈরির অনুমতিও পেয়েছে খান পরিবার। ওই সম্পত্তিটি সলমনের মা সালমা খানের নামে রয়েছে। যদিও নতুন বাড়ি তৈরি হলে সলমন ও তাঁর পরিবার গ্যালাক্সি ছেড়ে সেখানে চলে যাবেন কি না, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি।

কাজের দিক থেকে সলমন বর্তমানে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। ছবিটির নাম প্রথমে ‘ব্যাটল অফ গলওয়ান’ রাখা হয়েছিল। পরে নাম পরিবর্তন করে ‘মাতৃভূমি’ করা হয়। নির্মাতাদের তরফে ২০২৬ সালে মুক্তির কথা জানানো হলেও এখনও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

এ ছাড়াও পরিচালক বংশী পৈদিপল্লীর একটি ছবিতে অভিনয় করছেন সলমন। সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। দিল রাজু প্রযোজিত ছবিটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে খবর।

আরও পড়ুন: মাঠে বিধ্বংসী, বাইরে শান্তশিষ্ট! বৈভব সূর্যবংশীর দুই রূপ দেখে মুগ্ধ শ্রেয়স আয়ার

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *