‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভ বচ্চন শুধু প্রতিযোগীদের প্রশ্নই করেন না, তাঁদের ব্যক্তিগত জীবনের কথাও মন দিয়ে শোনেন। কখনও নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন, আবার কখনও প্রতিযোগীদের কোনও মজার ঘটনা শুনে নিজেও হেসে ওঠেন। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ।
জয়পুরের প্রতিযোগী আলমাস খান জানান, ছোটবেলা থেকেই সিনেমা দেখতে তাঁর খুব ভাল লাগে। একবার তুতো ভাইবোনদের সঙ্গে জয়পুরের বিখ্যাত রাজমন্দির প্রেক্ষাগৃহে অমিতাভ বচ্চনের ১৯৯৭ সালের ছবি ‘মৃত্যুদাতা’ দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমা দেখার বদলে সেদিন প্রেক্ষাগৃহেই ঘুমিয়ে পড়েছিলেন আলমাস!
ঘটনার কথা অমিতাভকে জানিয়ে আলমাস বলেন, ছবিটি তিনি ঠিকমতো বুঝতে পারেননি। কারণ, প্রেক্ষাগৃহের সুন্দর পরিবেশ এবং শীতাতপনিয়ন্ত্রিত আরামদায়ক আবহাওয়ায় তাঁর চোখে ঘুম নেমে এসেছিল। ঘুম ভাঙার পর দেখেন, ছবিও শেষ। তখন পর্দায় অমিতাভের গান চলছিল।
আলমাসের কথা শুনে অবাক হওয়ার পাশাপাশি মজাও পান অমিতাভ। রসিকতার সুরে তিনি বলেন, ঘুমিয়ে থাকলে কী ভাবে ছবি দেখলেন! ছবি তো ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। বিগ বি-র এই মন্তব্যে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে তৈরি হয় হাসির মুহূর্ত।
১৯৯৭ সালে মেহুল কুমারের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মৃত্যুদাতা’। দীর্ঘ কয়েক বছর অভিনয় থেকে দূরে থাকার পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় ফিরেছিলেন অমিতাভ বচ্চন। ছবিতে তাঁকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যায়। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে তাঁর চরিত্রটি।
ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল কপাডিয়া, করিশ্মা কপূর, অরবাজ় খান এবং পরেশ রাওয়ল। তবে মুক্তির পর ‘মৃত্যুদাতা’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। বক্স অফিসেও ছবিটি বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি। তবু অমিতাভের অভিনয়জীবনে ছবিটির আলাদা গুরুত্ব রয়েছে, কারণ এটি ছিল তাঁর বড় পর্দায় প্রত্যাবর্তনের ছবি।
আরও পড়ুন: ‘পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলেই রহস্যময়ী?’ গোবিন্দ-সুনীতা বিতর্কে প্রশ্ন কুবরা সৈতের
Image source-Google