গোবিন্দ এবং সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছু দিন ধরেই চর্চা চলছে। তাঁদের সম্পর্ক ঘিরে সমাজমাধ্যমে নানা ধরনের আলোচনা ও জল্পনা ছড়িয়েছে। এ বার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন অভিনেত্রী কুবরা সৈত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ কখন যে ব্যক্তিগত পরিসরে নজরদারির মতো হয়ে ওঠে, সেই প্রশ্নই তুলেছেন তিনি।

সমাজমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিয়োয় কুবরা প্রশ্ন করেন, অনুরাগী থেকে মানুষ কখন ব্যক্তিগত জীবনের ‘গোয়েন্দা’ হয়ে উঠলেন? একই সঙ্গে গোবিন্দার প্রতি নিজের পুরনো ভাল লাগার কথাও জানান অভিনেত্রী। তাঁর কথায়, গোবিন্দার ছবি দেখতে দেখতেই তিনি বড় হয়েছেন এবং নব্বইয়ের দশকে অভিনেতার জনপ্রিয়তা ছিল অন্য মাত্রার।

গোবিন্দার ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে নিয়েও বর্তমানে নানা আলোচনা চলছে। সমাজমাধ্যমে তাঁকে গোবিন্দার কথিত প্রেমিকা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই জল্পনার প্রসঙ্গেই কুবরা প্রশ্ন তোলেন, ২০২৬ সালে কোনও মহিলা কোনও পুরুষের পাশে থাকলেই কেন তাঁকে ঘিরে সম্পর্কের গুঞ্জন তৈরি হবে? কোমলকে গোবিন্দার প্রেমিকা হিসেবে ধরে নেওয়ার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে কুবরা জানান, ব্যক্তিগত ভাবে গোবিন্দার সঙ্গে তাঁর পরিচয় নেই। অন্য দিকে, সুনীতার সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁর সম্পর্কে ভাল ধারণা তৈরি হয়েছে বলে জানান অভিনেত্রী। সুনীতার প্রশংসা করে তাঁকে স্পষ্টভাষী, সাহসী, মজার এবং অসাধারণ মানুষ বলেও উল্লেখ করেন তিনি।

কুবরার প্রশ্ন, গোবিন্দাকে ঘিরে কোনও গুঞ্জন তৈরি হলেই কেন বার বার সুনীতাকেই তার জবাব দিতে হবে? কোনও মহিলাকে কেন প্রতিটি গুজবের ক্ষেত্রে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে, সেই বিষয়েও সরব হন তিনি।

এই প্রসঙ্গেই সমাজে মহিলাদের প্রতি আচরণ নিয়ে নিজের মত জানান কুবরা। তাঁর বক্তব্য, বাস্তব জীবনেও মহিলাদের সম্মান করা প্রয়োজন। পাশাপাশি সমাজমাধ্যমে গোবিন্দা ও সুনীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং শুধু নজর কাড়ার জন্য তৈরি ভিডিয়োগুলির বিরুদ্ধেও কথা বলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত তাঁর বার্তা, বলার মতো ভাল কিছু না থাকলে চুপ থাকাই ভাল। বিচার করার আগে সত্যতা যাচাই করে নিজের বুদ্ধি ও বিবেচনাকে কাজে লাগানোর আহ্বানও জানান কুবরা।

আরও পড়ুন: অর্ণবের ‘শাঁখচুন্নি’ পড়ে মুগ্ধ সৃজিত, গল্পের স্বত্ব কিনে পর্দায় আনার প্রস্তুতি

Image source-Google

By Torsha