প্রস্মিতা পাল ও অনুপম রায়ের জীবনে এসেছে নতুন অধ্যায়। গত ১৭ অগস্ট তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। সন্তানকে ঘিরেই এখন তাঁদের প্রতিদিনের ব্যস্ততা। মাতৃত্বের অভিজ্ঞতা যেমন উপভোগ করছেন প্রস্মিতা, তেমনই বাবা হিসাবে অনুপমের নতুন রূপও তাঁকে মুগ্ধ করছে।
সন্তানের জন্মের পর থেকেই বদলে গিয়েছে দু’জনের দৈনন্দিন জীবন। সকাল থেকে রাত— অধিকাংশ সময়ই কাটছে একরত্তিকে ঘিরে। আর এই সময়েই অনুপমকে যেন নতুন করে আবিষ্কার করেছেন প্রস্মিতা।
গানের জগতে অনুপম অত্যন্ত অভিব্যক্তিশীল হলেও ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই কিছুটা অন্তর্মুখী। কিন্তু সন্তানের জন্মের পর তাঁর মধ্যে একেবারে অন্য এক সত্তার প্রকাশ ঘটেছে বলে জানালেন প্রস্মিতা। তাঁর কথায়, অনুপম এখন সন্তানকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। অনেক সময় তিনি নিজেও অবাক হয়ে দেখছেন, অনুপম তাঁর থেকেও ভাল ভাবে সন্তানকে সামলাচ্ছেন।
প্রস্মিতার কথায়, বাবা হিসাবে অনুপমের এই নতুন ভূমিকাটি তাঁর কাছে অত্যন্ত আনন্দের এবং একেবারে নতুন অভিজ্ঞতা। তিনি বিশ্বাস করেন, অনুপম একজন ভাল বাবা হয়ে উঠবেন।
অন্য দিকে, মাতৃত্বের অভিজ্ঞতাও উপভোগ করছেন প্রস্মিতা। এত দিন অন্যদের মুখে মাতৃত্বের অনুভূতির কথা শুনলেও এবার নিজের জীবনে সেই অভিজ্ঞতা উপলব্ধি করছেন তিনি। এই নতুন সফরকে আরও গভীর ভাবে উপভোগ করতে চান গায়িকা।
বাবা-মা দু’জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত। ফলে জন্মের পর থেকেই গান শুনছে তাঁদের সন্তান। প্রস্মিতা মনে করছেন, ভবিষ্যতে মাতৃত্ব এবং সন্তানের উপস্থিতি তাঁর গানেও প্রভাব ফেলবে।
তবে শুধু গান নয়, পেশাগত জীবনেও ফিরতে হবে তাঁকে। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত প্রস্মিতা আপাতত ছ’মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছুটি শেষ হলে চাকরি, গান এবং সন্তান— তিনটি দিক একসঙ্গে সামলানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর সামনে। শারীরিক ও মানসিক ভাবে সেই প্রস্তুতি নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে নতুন বাবা-মা হিসাবে জীবনের এই বিশেষ সময়টি চুটিয়ে উপভোগ করছেন প্রস্মিতা ও অনুপম। আপাতত তাঁদের পৃথিবীর কেন্দ্রবিন্দু সেই ছোট্ট সন্তানই।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাদাম মাটন যা আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে