কৃতি সেননের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর তা সমাজমাধ্যম থেকে সরিয়ে নিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। বিজ্ঞাপনটি নিয়ে কটাক্ষ শুরু হলে কৃতি নিজেও সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, এখনও কেন মহিলাদের পোশাকের ভিত্তিতে তাঁদের সম্মান বিচার করা হয়? অভিনেত্রীর প্রতিবাদের পরও সংস্থার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকদের একাংশ।

এ বার সেই বিতর্কে মুখ খুললেন সংস্থার প্রতিষ্ঠাতা। একটি বিবৃতিতে তিনি দাবি করেছেন, কোনও চাপের কাছে নতিস্বীকার করে নয়, কর্মী ও দোকানগুলির নিরাপত্তার কথা মাথায় রেখেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েকটি দোকানের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এর জেরে কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে দ্রুত বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থা। তাদের বক্তব্য, কর্মী এবং দোকানগুলির নিরাপত্তা নিশ্চিত করাই সেই মুহূর্তে তাঁদের প্রধান দায়িত্ব ছিল।

একই সঙ্গে সংস্থা স্পষ্ট করেছে, বিজ্ঞাপনটির মূল বক্তব্য থেকে তারা সরে আসেনি। কৃতি সেননের সঙ্গে আলোচনা করেই প্রচারটি তৈরি করা হয়েছিল। রাখিবন্ধন উপলক্ষে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাই দিতে চেয়েছিল ব্র্যান্ডটি।

সংস্থার দাবি, বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে। কৃতি বা বিজ্ঞাপনের মূল বক্তব্য থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনও প্রশ্ন নেই। বিজ্ঞাপনটির বার্তার প্রতি এখনও তাদের সমর্থন রয়েছে বলেই বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: Prashmita-Anupam: ‘যেন এক অন্য অনুপমকে দেখছি’! সদ্যোজাতকে ঘিরেই এখন দিন কাটছে প্রস্মিতা-অনুপমের

Image source-Google

By Torsha