প্রায় দু’বছর পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা জিৎ। নতুন ছবিতে একাধিক লুকে দেখা যাবে তাঁকে। ছবির মুক্তির আগে এক বিশেষ আড্ডায় নিজের কাজ, আধ্যাত্মিকতা, টলিউডের পরিবর্তন থেকে শুরু করে রাজনীতি— নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেতা।

জিৎ সাধারণত নিজের ব্যক্তিগত জীবন বা কাজ নিয়ে খুব বেশি সাক্ষাৎকার দেন না। তাঁর মতে, ছবির মুক্তির সময়ই সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন তিনি। তবে এ বার নতুন ছবি নিয়ে দর্শকের সামনে আসার আগে নিজের ভাবনাগুলি ভাগ করে নিলেন অভিনেতা।

নতুন ছবিতে জিতের একাধিক লুক ইতিমধ্যেই নজর কেড়েছে। চরিত্রের প্রয়োজনে প্রায় ন’টি আলাদা লুক তৈরি করতে হয়েছে তাঁকে। প্রস্থেটিক মেকআপের পাশাপাশি বদল আনতে হয়েছে শরীরী ভাষা এবং কণ্ঠস্বরে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে দীর্ঘ সময় ধরে প্রস্তুতিও নিয়েছেন তিনি। এই কাজের অভিজ্ঞতাকে নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায় বলেই মনে করছেন অভিনেতা।

ছবিটি দেশাত্মবোধক আবহে তৈরি হলেও জিৎ জানিয়েছেন, এটি মূলত একটি বাণিজ্যিক বিনোদনমূলক ছবি। তাঁর মতে, দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে মূলধারার সিনেমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই মূলধারার ছবিই চলচ্চিত্র-শিল্পকে এগিয়ে নিয়ে যায়। শিল্প ও বাণিজ্যের এই মেলবন্ধন থেকেই সিনেমার আসল শক্তি তৈরি হয় বলেও মত তাঁর।

বাংলা ছবির সাম্প্রতিক পরিবর্তন নিয়েও কথা বলেছেন জিৎ। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে এবং নতুন দায়িত্বে যাঁরা আসছেন, তাঁদের হাত ধরে নতুন ধরনের কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলা চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগের প্রয়োজন বলেও মনে করেন তিনি।

ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিকতার গুরুত্বের কথাও জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, সংসারের দায়িত্ব পালন করেও আধ্যাত্মিকতার পথে এগোনো সম্ভব। বরং নিজের সমস্ত কর্তব্য ঠিক ভাবে পালন করতে পারাই আধ্যাত্মিকতার অন্যতম বড় দিক।

রাজনীতি নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় জিৎকে। তবে নিজেকে এখনও রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেই স্পষ্ট করেছেন তিনি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে— এমনই ইঙ্গিত তাঁর কথায়।

অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে পরিচালকের আসনে বসার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। আপাতত পরিচালনার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জিৎ। এখন তাঁর মূল লক্ষ্য অভিনয়েই মন দেওয়া।

আরও পড়ুন: Kangana Ranaut: ‘দেশভাগের এত বছর পরেও পাকিস্তান-আসক্তি কেন?’, বলিউডকে প্রশ্ন কঙ্গনার

Image source-Google

By Torsha