একটানা কাজ, শুটিং, নাচ, অ্যাকশন এবং শরীরচর্চা— এমন ব্যস্ত জীবনেই অভ্যস্ত রশ্মিকা মন্দানা। কিন্তু ‘মাইসা’-র শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে নিতম্বের পেশিতে চোট পাওয়ায় আপাতত সব কাজ থেকে দূরে থাকতে হচ্ছে অভিনেত্রীকে। চিকিৎসকের পরামর্শ মেনে এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।
চোটটি একেবারে সামান্য নয়। নিতম্ব থেকে পায়ের দিকে যাওয়া পেশির একটি অংশ সরে যাওয়ায় স্বাভাবিক চলাফেরাতেও সমস্যা হচ্ছে রশ্মিকার। শারীরিক পরিশ্রম তো দূরের কথা, পা তুলে হাঁটার মতো সাধারণ কাজও আপাতত তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে। তাই শুটিং এবং শরীরচর্চা থেকে সম্পূর্ণ বিরতি নিয়েছেন তিনি।
এর আগেও চোটের কারণে সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী। ২০২৫ সালের শুরুতে জিমে চোট পাওয়ার পর তাঁর পায়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সেই সময়ও কয়েকটি ছবির কাজ সাময়িক ভাবে থমকে যায়। পরে সুস্থ হয়ে আবার পুরোদমে কাজে ফিরেছিলেন তিনি। কিন্তু ফের চোট পাওয়ায় এবার বাধ্য হয়েই বিশ্রাম নিতে হচ্ছে তাঁকে।
তবে এই বিরতিকে শুধুমাত্র দুর্ভোগ হিসেবে দেখছেন না রশ্মিকা। বরং ব্যস্ত জীবন থেকে পাওয়া এই অবসর তাঁকে নিজের জীবনযাপন নিয়ে নতুন করে ভাবার সুযোগ দিয়েছে। এত দিন একের পর এক শুটিং, নাচ, অ্যাকশন এবং নানা কাজের মধ্যে সময় কেটে যেত। এখন বাড়িতে ঘুম, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পোষ্যের সঙ্গে সময় কাটিয়েই দিন কাটছে তাঁর।
অভিনেত্রীর উপলব্ধি, সব সময় ব্যস্ত থাকা বা ছুটে চলাই জীবনের স্বাভাবিক নিয়ম নয়। কয়েক সপ্তাহের এই বিশ্রাম তাঁকে বুঝিয়েছে, নিজের শরীরের দিকেও নজর দেওয়া জরুরি। কাজের চাপে যে ছোট ছোট আনন্দগুলি উপভোগ করার সুযোগ হয়ে ওঠে না, এখন সেই সময়টুকুও পাচ্ছেন তিনি।
‘মাইসা’-র মতো ছবিতে নাচ এবং শারীরিক পরিশ্রমের প্রয়োজন রয়েছে। ফলে আগের চোট সামলে দ্রুত কাজে ফেরার পর শরীর এবার যেন তাঁকে ফের থামার বার্তা দিয়েছে। আপাতত তাই ক্যামেরা, অ্যাকশন এবং শুটিং থেকে দূরে রশ্মিকা। সম্পূর্ণ সুস্থ হয়ে ফের সেটে ফেরার অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Jeet: ‘মূলধারার ছবি ছাড়া ইন্ডাস্ট্রি এগোতে পারে না’, সিনেমা থেকে রাজনীতি— অকপট জিৎ
Image source-Google