বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই সরব হন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রনৌত। এ বার তাঁর নিশানায় বলিউডের ছবিতে পাকিস্তান প্রসঙ্গের ব্যবহার। দেশভাগের এত বছর পরেও কেন বলিউডের ছবিতে বার বার পাকিস্তানকে ঘিরে গল্প, আলোচনা কিংবা আবেগ ফিরে আসে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। সনী দেওলের ‘বঁটওয়ারা’ মুক্তির আগে কঙ্গনার এই মন্তব্য নতুন করে চর্চা তৈরি করেছে।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। দেশভাগের পটভূমিতে তৈরি এই ছবিতে ভারত-পাকিস্তান বিভাজনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে নসীরুদ্দীন শাহের চরিত্রটির জন্মস্থান হিসাবে পাকিস্তানের সরগোধাকে দেখানো হয়েছে। দেশভাগের সময় কী ভাবে তাঁকে নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল, সেই ঘটনাও ছবির গল্পে রয়েছে।

এই ছবির প্রসঙ্গেই বলিউডের একাংশের সমালোচনা করেন কঙ্গনা। তাঁর প্রশ্ন, দেশভাগের এত বছর পরেও কেন পাকিস্তানকে কেন্দ্র করে বলিউডে এত আগ্রহ রয়েছে? তাঁর দাবি, ছবি, অভিনেতাদের মন্তব্য কিংবা সাক্ষাৎকার— বিভিন্ন ক্ষেত্রেই পাকিস্তান প্রসঙ্গ বার বার উঠে আসে। এই ‘আসক্তি’ কবে শেষ হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

এর আগেও নসীরুদ্দীন শাহকে আক্রমণ করেছিলেন কঙ্গনা। সমাজমাধ্যমে তিনি দাবি করেছিলেন, দেশের জন্য তাঁর নিজের দায়বদ্ধতা রয়েছে। সেই সময়ও অভিনেতার মন্তব্যকে কেন্দ্র করে কঙ্গনার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

তবে পাকিস্তান-সম্পর্কিত ছবি নিয়ে কঙ্গনার অবস্থান নিয়ে ভিন্ন ছবিও রয়েছে। তিনি নিজেই ‘ভারত ভাগ্য বিধাতা’ নামে একটি ছবি তৈরি করেছেন, যার গল্পের কেন্দ্রে রয়েছে মুম্বইয়ের ২৬/১১ হামলা। অন্য দিকে, পাকিস্তানের প্রেক্ষাপট থাকা সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এর প্রশংসাও করেছেন অভিনেত্রী। ফলে বলিউডের পাকিস্তান-নির্ভর গল্প নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: NTR Junior: কাঁধে অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর? অনুরাগীদের বার্তায় মিলল স্বস্তির খবর

Image source-Google

By Torsha