বলিউডে এই মুহূর্তে হরর ঘরানার ছবির চাহিদা বেশ বেড়েছে। এ বার সেই ঘরানায় পা রাখতে চলেছে যশরাজ ফিল্মসও। সূত্রের খবর, প্রযোজনা সংস্থার প্রথম হরর ছবির জন্য ইতিমধ্যেই বরুণ ধবনকে চূড়ান্ত করা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন অভয় পন্নু।
হরর-কমেডি ছবি ‘ভেড়িয়া’-য় বরুণকে আগেই ভৌতিক আবহে দেখেছেন দর্শক। তবে এ বার আরও গা ছমছমে গল্পে তাঁকে দেখা যেতে পারে। এই ছবির হাত ধরে প্রায় আট বছর পর যশরাজ ফিল্মসের সঙ্গে ফের কাজ করবেন অভিনেতা। এর আগে ২০১৮ সালে ‘সুই ধাগা’ ছবিতে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছিলেন তিনি।
ছবিটি প্রযোজনা করবেন যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি। সংস্থার সাম্প্রতিক সফল ছবি ‘সইয়ারা’-র সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এ বার তাঁর প্রযোজনাতেই নতুন ঘরানায় পা রাখতে চলেছে যশরাজ।
পরিচালক অভয় পন্নুর জন্যও ছবিটি বিশেষ গুরুত্বপূর্ণ। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘রকেট বয়েজ়’ পরিচালনা করে প্রশংসা পেয়েছিলেন তিনি। এ বার বড় পর্দায় প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অভয়। ফলে তাঁর হরর-থ্রিলার ঘরানায় আত্মপ্রকাশ নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
সূত্রের খবর, চলতি বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হতে পারে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। তবে এখনও ছবির নাম, নায়িকা বা অন্যান্য অভিনেতাদের বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় যশরাজ ফিল্মস প্রেম, পারিবারিক গল্প এবং অ্যাকশনের মতো একাধিক ঘরানায় কাজ করেছে। ‘ধুম’ থেকে ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’— অ্যাকশনেও তৈরি করেছে নিজস্ব পরিচয়। এ বার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে হরর ঘরানা।
আরও পড়ুন: Mithun Chakraborty: বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী, অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ভূয়সী প্রশংসা অভিনেতার
Image source-Google