বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন নিজের ব্লগ ও সমাজমাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিতই নানা বিষয়ে নিজের মতামত ও দৈনন্দিন ভাবনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করতে গিয়ে একটি ছোট্ট ভুল করে বসেন অভিনেতা। ভুলটি নজরে আসতেই নিজেই তা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি।
অমিতাভের পোস্টগুলিতে সাধারণত একটি ক্রমিক নম্বর থাকে। সম্প্রতি সেই নম্বর দেওয়ার সময়ই ভুল হয়ে যায়। ৫৮১৭-এর পর ৫৮১৮, ৫৮১৯ এবং ৫৮২০ হওয়ার কথা থাকলেও সংখ্যার ক্রমে ভুল করে ফেলেছিলেন তিনি। বিষয়টি এক অনুরাগী তাঁর নজরে আনেন।
ভুল বুঝতে পেরে অমিতাভ নিজেই লেখেন যে নম্বর দেওয়ার ক্ষেত্রে তাঁর বড় ভুল হয়েছে এবং তিনি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সুনীল নামে ওই নেটাগরিককে ধন্যবাদও জানান অভিনেতা।
তবে বিগ বি ভুল স্বীকার করতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়ে যায় মজার মন্তব্যের পালা। এক নেটাগরিক সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদের প্রসঙ্গ টেনে রসিকতা করেন। তাঁর মন্তব্য, ভুল স্বীকার না করলে এই ‘নম্বর ফাঁস’-এর প্রতিবাদে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা ছিল।
শুধু অমিতাভ নয়, তাঁকে ভুল ধরিয়ে দেওয়া সুনীলকেও নিয়ে মজা করেছেন নেটাগরিকেরা। কেউ আবার রসিকতা করে বলেছেন, অমিতাভের এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য সুনীলের অবদান চিরকাল মনে রাখা উচিত। এমনকি তাঁর জন্য পদকের দাবিও তুলেছেন কেউ কেউ।
কাজের দিক থেকে বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। আগামী দিনে তাঁকে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েলেও দেখা যাবে।
আরও পড়ুন: Varun Dhawan: প্রেম-অ্যাকশনের পর এ বার ভয়ের গল্পে বরুণ, যশরাজের প্রথম হরর ছবির নায়ক হচ্ছেন?
Image source-Google