হাতের অস্ত্রোপচারের পর শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হাসপাতাল থেকে বেরোনোর সময় চিকিৎসক এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান, মাত্র তিন দিনেই কী ভাবে চোখের নিমেষে কেটে গেল, তা বুঝতেই পারেননি।

মিঠুন (Mithun Chakraborty) বলেন, অস্ত্রোপচারের পর থেকেই তাঁর হাতে ধীরে ধীরে শক্তি ফিরতে শুরু করে। চিকিৎসক এবং নার্সদের যত্নের জন্যই এত দ্রুত বাড়ি ফিরতে পারছেন বলে জানান অভিনেতা। গোটা চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে মিঠুনের ডান হাতে অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আগেও ওই হাতে অস্ত্রোপচার হয়েছিল। এ বার দেখা যায়, হাতের একটি নার্ভ প্লেটের সঙ্গে আটকে রয়েছে এবং প্লেটের স্ক্রুগুলি নার্ভের উপর চাপ তৈরি করছিল। ফলে শুধু প্লেট খুলে ফেলাই যথেষ্ট ছিল না। অস্ত্রোপচারের মাধ্যমে নার্ভটিকে আলাদা করে সঠিক জায়গায় বসানো হয়, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে।

অস্ত্রোপচারের পর কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিনেতাকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে শুক্রবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতেই তাঁকে দেখতে পৌঁছন অভিনেতা তথা সাংসদ দেব। মিঠুনের দ্রুত আরোগ্য কামনা করে দেব জানান, তিনি আশা করেন আগামী দিনে তাঁরা একসঙ্গে আবার কাজ করবেন।

আরও পড়ুন: ‘টক্সিক’ বন্ধ হয়নি, ২০০ দিন শুটিংয়ের রহস্য ফাঁস করলেন যশ

Image source-Google

By Torsha