সাইবার প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক কীর্তি কুলহারি। অভিযোগ, তাঁর অজান্তেই ক্রেডিট কার্ড ব্যবহার করে একাধিক অননুমোদিত লেনদেন করা হয়েছে। এই ঘটনায় মোট প্রায় ২ লক্ষ ৪৩ হাজার ৮৫২ টাকা খোয়া গিয়েছে বলে দাবি অভিনেত্রীর। ইতিমধ্যেই মুম্বইয়ের আম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধেরী পশ্চিমের একটি মাল্টিপ্লেক্সে থাকাকালীন কীর্তির মোবাইলে একটি লেনদেন সংক্রান্ত সতর্কবার্তা আসে। তখনই তিনি জানতে পারেন, তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি বিদেশি বিমান সংস্থার নামে ২,৫২৫ মার্কিন ডলারের অর্থ পরিশোধ করা হয়েছে। এই লেনদেন সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন।
ঘটনার পরই অভিনেত্রী ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে জানানো হয়, তাঁর কার্ড থেকে মোট চারটি অননুমোদিত লেনদেন হয়েছে। আরও আর্থিক ক্ষতি এড়াতে সঙ্গে সঙ্গে কার্ডটি ব্লক করে দেওয়া হয়।
অভিযোগে কীর্তি জানিয়েছেন, তিনি কখনও নিজের কার্ডের পিন, পাসওয়ার্ড বা অন্য কোনও গোপন তথ্য কারও সঙ্গে ভাগ করেননি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর মোবাইল কিংবা কার্ড-সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ব্যাঙ্কের লেনদেনের তথ্য, ডিজিটাল ট্রেল এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ ও সাইবার শাখা।
Image source-Google