বেশ কিছু দিন ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় ছিলেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তবে এখন সেই বিতর্ককে পিছনে ফেলে নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত তিনি। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই একটি স্বল্পদৈর্ঘ্যের প্রেমের ছবি এবং একটি ডকুমেন্টারি-ধর্মী প্রজেক্টে দেখা যাবে তাঁকে।
প্রান্তিক জানিয়েছেন, নতুন ছবিটির নাম ‘শালুক’। পরিচালক মৈনাক কুন্ডুর এই ছবিতে প্রেমের গল্পকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হবে। ছবির গল্প ও চিত্রনাট্যও পরিচালকেরই লেখা, আর সৃজনশীল পরিচালকের দায়িত্বে রয়েছেন অনুরাগ পতি। যদিও এখনও শুটিং শুরু হয়নি, বর্তমানে চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে।
এ ছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের অজানা কাহিনি নিয়ে একটি পডকাস্ট-ধর্মী ডকুমেন্টারি সিরিজ়েও কাজ করছেন অভিনেতা। তাঁর আশা, এই প্রজেক্টের মাধ্যমে দর্শক ইতিহাসের বহু অজানা দিক জানতে পারবেন।
উল্লেখ্য, প্রান্তিক ও অঙ্কিতার সম্পর্ক নিয়েও সম্প্রতি নানা আলোচনা হয়েছে। অভিনেতা জানিয়েছেন, দু’জনে পারস্পরিক সিদ্ধান্তে আলাদা থাকছেন। তাঁদের সামাজিক বিয়ে হলেও আইনি বিয়ে হয়নি, তাই আইনি বিচ্ছেদের কোনও প্রক্রিয়াও নেই।
Image source-Google