নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দেশজুড়ে চলতে থাকা ছাত্র আন্দোলনের মধ্যে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি সততা, পরিশ্রম এবং মেধার মূল্যায়নের পক্ষে সওয়াল করেন। একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মের পাশে থাকার আহ্বান জানান।
ফেসবুকে শচীন লেখেন, তাঁর বাবা একজন অধ্যাপক ছিলেন এবং ছাত্রছাত্রীদের সবসময় একটি কথাই শেখাতেন— “ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। শর্টকাট কখনও সাফল্যের পথ হতে পারে না।” তাঁর মতে, এমন একটি সমাজ গড়ে তোলা জরুরি, যেখানে শুধুমাত্র ফল নয়, পরিশ্রম ও সততারও যথাযথ মূল্য দেওয়া হবে।
প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, কঠোর পরিশ্রমের স্বীকৃতি না পেলে ছাত্রছাত্রীদের হতাশ হওয়াটা স্বাভাবিক। তাই এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মেধা ও নিষ্ঠাই সাফল্যের প্রধান ভিত্তি হয়ে ওঠে।
পোস্টের শেষাংশে দেশের তরুণদের উদ্দেশে আশাবাদী বার্তা দেন শচীন। তিনি লেখেন, “তরুণ ভারত স্বপ্ন ও প্রাণশক্তিতে ভরপুর। ওরাই দেশের অগ্রগতির চালিকাশক্তি। অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রত্যেকের দায়িত্ব ওদের পাশে দাঁড়ানো এবং এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যেখানে সততা ও মেধারই জয় হবে।”
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দায় নির্ধারণ করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই আবহেই দেশের তরুণ প্রজন্মের প্রতি আস্থা ও সমর্থনের বার্তা দিলেন শচীন তেন্ডুলকার।
Inage source – Google