বিজেপি নেতা ও চলচ্চিত্র পরিচালক শঙ্কুদেব পণ্ডা রবিবার সন্ধ্যায় সাংবাদিক স্বর্ণালী সরকারকে বিয়ে করলেন। গঙ্গার বুকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনীতি, সংবাদমাধ্যম ও বিনোদন জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে শঙ্কুদেবের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও ধুতি। স্বর্ণালী পরেছিলেন লাল বেনারসি শাড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী সোনার গয়না। কয়েক বছর আগে তাঁদের সম্পর্ক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বিয়ের মাধ্যমে তাতে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল।
বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। সেখানে শঙ্কুদেব পরেছিলেন হলুদ পাঞ্জাবি-ধুতি এবং স্বর্ণালী সেজেছিলেন হলুদ শাড়ি ও ফুলের গয়নায়।
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও সক্রিয় শঙ্কুদেব। সম্প্রতি তিনি তাঁর নতুন ছবি ‘অভয়া শক্তি’-র ঘোষণা করেছেন। আরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে তৈরি হতে চলা এই ছবির প্রযোজক রানা সরকার। পরিচালনার দায়িত্বে রয়েছেন শঙ্কুদেব নিজেই। আগামী অগস্টে ছবির শুটিং শুরু হওয়ার কথা। নতুন ছবির কাজ শুরুর আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন গন প্রন কারি
Image source-Google