অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর থেকেই দেশের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে শহরটি। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি বিনিয়োগকারীদের কাছেও অযোধ্যার গুরুত্ব অনেকটাই বেড়েছে। এই সময়েই সেখানে একাধিক সম্পত্তি কিনে আলোচনায় এসেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি সেই সম্পত্তি কেনার নেপথ্যের একটি অজানা ঘটনা সামনে এনেছেন সংশ্লিষ্ট রিয়েল এস্টেট সংস্থার কর্ণধার অভিনন্দন লোধা।
অভিনন্দনের দাবি, এক গভীর রাতে তাঁর ফোনে পরপর কয়েকটি কল আসে। তখন রাত প্রায় তিনটে। ফোন ধরতে না পারায় পরে একটি বার্তা পান, যেখানে নিজেকে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পরিচয় দিয়ে যোগাযোগের অনুরোধ করেছিলেন অমিতাভ বচ্চন। সকালে সেই বার্তা দেখে তিনি অভিনেতাকে ফোন করেন।
কথোপকথনের সময় অমিতাভ জানান, অযোধ্যায় একটি জমি কিনতে তাঁর আগ্রহ রয়েছে। তাঁর কথায়, উত্তরপ্রদেশের সঙ্গে ব্যক্তিগত যোগ থাকার কারণেই এই শহরে একটি সম্পত্তির মালিক হতে চান তিনি। জমির দাম জানতে চাইলে অভিনন্দন প্রায় ১৫ কোটি টাকার কথা জানান। অবাক করার বিষয়, পরদিনই সম্পূর্ণ অর্থ পাঠিয়ে দেন অভিনেতা এবং জমি কেনার প্রক্রিয়া শুরু হয়ে যায়।
এর পর অবশ্য একটি সম্পত্তিতে থেমে থাকেননি অমিতাভ। ধাপে ধাপে অযোধ্যায় আরও কয়েকটি জমি ও সম্পত্তিতে বিনিয়োগ করেন তিনি। জানা যায়, রামমন্দির সংলগ্ন এলাকায় প্রথমে একটি বড় জমি কেনেন। পরে আরও কয়েকটি জমি কেনার মাধ্যমে সেখানে তাঁর বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
রামমন্দির উদ্বোধনের আগে ও পরে অযোধ্যার রিয়েল এস্টেট বাজারে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিত্বেরা সেখানে জমি ও বাড়ি কিনতে আগ্রহ দেখিয়েছেন। অমিতাভ বচ্চনের বিনিয়োগও সেই ধারারই একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
অযোধ্যা নিয়ে নিজের অনুভূতির কথাও এর আগে জানিয়েছিলেন অভিনেতা। তাঁর মতে, এই শহর শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, আগামী দিনে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গন্তব্য হয়ে উঠতে পারে।
তবে অযোধ্যায় ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার কোনও পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি অমিতাভ। কিন্তু গভীর রাতে একটি ফোনকল থেকে শুরু হওয়া এই সম্পত্তি কেনার গল্প ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তাঁর এই বিনিয়োগ যে শুধুমাত্র আর্থিক সিদ্ধান্ত নয়, তার সঙ্গে আবেগ ও নিজের শিকড়ের যোগও জড়িয়ে রয়েছে, সেই ইঙ্গিতই মিলেছে এই ঘটনার মাধ্যমে।
আরও পড়ুন: Cooking Tips: ঘরোয়া রান্নাকেও রেস্তরাঁর স্বাদ দিতে চান? স্বাদ-গন্ধ বাড়াতে এই ৩ কৌশল জেনে রাখুন
Image source-Google