জি-৭ শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও ধরা পড়ল এক হালকা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতে আবারও ফিরে এল বহুল চর্চিত ‘মেলোডি’ প্রসঙ্গ।
সম্মেলনের গ্রুপ ফটোর আগে বিশ্বনেতাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন মোদী। সেই সময় হাসিমুখে তাঁর কাছে এগিয়ে আসেন মেলোনি। দু’জনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের সময় ভাইরাল হওয়া ‘মেলোডি’ ভিডিওর প্রসঙ্গ তোলেন ভারতের প্রধানমন্ত্রী। জবাবে রসিকতার সুরে মেলোনি বলেন, “হ্যাঁ, ইনস্টাগ্রামে এখন আমরাই সবচেয়ে জনপ্রিয়।”
সম্প্রতি রোম সফরে গিয়ে মেলোনির জন্য জনপ্রিয় ‘মেলোডি’ টফি উপহার নিয়ে গিয়েছিলেন মোদী। সেই মুহূর্তের একটি ছোট ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১২ সেকেন্ডের ওই ক্লিপ কয়েক ঘণ্টার মধ্যেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
আসলে ‘মেলোডি’ শব্দটি তৈরি হয়েছে ‘মোদী’ এবং ‘মেলোনি’— দুই নেতার নামের অংশ মিলিয়ে। ২০২৩ সালের কপ-২৮ জলবায়ু সম্মেলনে মেলোনির পোস্ট করা একটি সেলফির হ্যাশট্যাগ থেকেই এই শব্দ জনপ্রিয়তা পায়। তারপর থেকে আন্তর্জাতিক মঞ্চে তাঁদের প্রতিটি সাক্ষাৎই সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
যুদ্ধ, অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চললেও দুই নেতার এই সহজ ও আন্তরিক মুহূর্ত আবারও নজর কেড়েছে বিশ্বজুড়ে। কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে ‘মেলোডি’ এখন এক বিশেষ বন্ধুত্বের প্রতীক হিসেবেই পরিচিত।
Image source-Google