প্রকাশ্যে এল পরিচালক রাজদীপ ঘোষের আগামী ছবি ‘গুনগুন করে মহুয়া’-র নতুন লুক। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবন এবং তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা গৌরব চক্রবর্তীকে। তিনি অভিনয় করছেন আইপিএস নবীন চট্টোপাধ্যায়ের ভূমিকায়, যিনি মহুয়ার আকস্মিক মৃত্যুর তদন্তের দায়িত্বে ছিলেন।
প্রকাশিত লুকে গৌরবকে দেখা যাচ্ছে একেবারে সাধারণ চেহারায়— পরনে সাদামাঠা শার্ট, ঠোঁটের উপরে সরু গোঁফ এবং বাঁ দিকে সিঁথি কাটা চুল। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অলকনন্দা গুহ। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার।
এর আগেও একাধিক বার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন গৌরব। ‘পর্ণশবরীর শাপ’-সহ বেশ কয়েকটি ছবিতে ও ওয়েব সিরিজ়ে তাঁকে তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। তবে অভিনেতার দাবি, এই চরিত্রটি তাঁর কাছে একেবারেই আলাদা। কারণ, এখানে শুধুমাত্র পুলিশ অফিসারের চরিত্র ফুটিয়ে তোলা নয়, বরং ১৯৮৫ সালের একটি নির্দিষ্ট সময়কালকে পর্দায় জীবন্ত করে তোলার চ্যালেঞ্জও রয়েছে।
গৌরব জানান, “আমি আগেও পুলিশ অফিসারের চরিত্র করেছি। কিন্তু এই ছবিতে সময়কালকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সময়ের মানুষ কেমন দেখতে ছিলেন, কী ভাবে পোশাক পরতেন, সবটাই খুঁটিয়ে দেখা হয়েছে। বাঁ দিকে সিঁথি, সরু গোঁফ— সম্পূর্ণ অন্য রকম ভাবে আমাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই কৃতিত্ব মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু এবং সাবর্ণী দাসের।”
১৯৮৫ সালের ২২ জুলাই মহুয়া রায়চৌধুরীর মৃত্যু তৎকালীন বাংলা চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একমাত্র পুত্রের জন্য দুধ গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে সেই মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও ধোঁয়াশা আজও পুরোপুরি কাটেনি।
এই কারণেই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ রয়েছে বলেও মনে করেন গৌরব। তাঁর কথায়, “এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে মানুষের কৌতূহল রয়েছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না। সবচেয়ে বেশি ভাল লেগেছে ছবির চিত্রনাট্য। অত্যন্ত যত্ন নিয়ে লেখা হয়েছে। বিশ্বাস করি, যেভাবে গল্পটি পর্দায় তুলে ধরা হবে, তা দর্শকদের মন ছুঁয়ে যাবে।”
প্রযোজক রানা সরকারের কথায়, ছবিতে মহুয়ার জীবনের দুই দিক তুলে ধরা হবে— এক দিকে তাঁর ছোটবেলা, অভিনেত্রী হিসেবে উত্থান এবং সাফল্য, অন্য দিকে তাঁর মৃত্যুরহস্য ও তদন্তপর্ব। মহুয়ার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অভিনেত্রী সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধিমা ঘোষ।
ইতিমধ্যেই ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সব কিছু পরিকল্পনা মতো এগোলে চলতি বছরেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই জীবনীভিত্তিক ছবি।
Image source-Google