বলিউডে সময়ানুবর্তিতার জন্য অক্ষয় কুমারের খ্যাতি নতুন নয়। শুটিং সেটে নির্দিষ্ট সময়ে পৌঁছনো থেকে শুরু করে নিজের কাজের প্রতি নিষ্ঠা— সব ক্ষেত্রেই তিনি সহকর্মীদের কাছে প্রশংসিত। তবে সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফরাহ খান অক্ষয়ের পেশাদারিত্বের এমন এক ঘটনা প্রকাশ্যে আনলেন, যা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন।

 

সম্প্রতি আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র প্রচারে এক আড্ডায় উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, পরিচালক প্রিয়দর্শন, অভিনেতা রাজপাল যাদব এবং ফরাহ খান। সেখানে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিস মার খান’ ছবির শুটিংয়ের নানা স্মৃতি ভাগ করে নেন তাঁরা। সেই সময়ই ফরাহ জানান, ছবির শুটিং চলাকালীন অক্ষয় প্রতিদিন হেলিকপ্টারে করে সেটে যাতায়াত করতেন।

 

ফরাহর কথায়, ‘তিস মার খান’-এর বেশ কিছু অংশের শুটিং হয়েছিল মহারাষ্ট্রের মালশেজ ঘাটে। প্রতিদিন সকাল ৮টায় শুটিং শুরু হত। শুটিং স্পটটি মুম্বই থেকে প্রায় আড়াই ঘণ্টার পথ হওয়ায় ইউনিটের অধিকাংশ সদস্য সেখানেই থাকতেন। কিন্তু অক্ষয় প্রতিদিন শুটিং শেষে মুম্বই ফিরে যেতেন এবং পরদিন সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যেই আবার সেটে হাজির হয়ে যেতেন।

 

এই ঘটনা শুনে রাজপাল যাদব অবাক হয়ে যান। তখন ফরাহ ও অক্ষয় মজার ছলে তাঁকে জিজ্ঞেস করেন, কী ভাবে এটা সম্ভব হয়েছিল? রাজপাল উত্তর দিতে না পারলে অক্ষয় নিজেই জানান যে তিনি হেলিকপ্টারে যাতায়াত করতেন। তাঁর এই স্বীকারোক্তিতে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন।

 

ফরাহ মজা করে বলেন, তিনি জীবনে প্রথম দেখেছেন কোনও অভিনেতাকে হেলিকপ্টারকে ট্যাক্সির মতো ব্যবহার করতে। তবে একই সঙ্গে তিনি অক্ষয়ের সময়নিষ্ঠতারও প্রশংসা করেন। তাঁর কথায়, যেভাবেই আসুন না কেন, অক্ষয় কখনও শুটিংয়ে দেরি করতেন না।

 

এর পর অক্ষয় মজার সুরেই বলেন, এতে কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়, কারণ তিনি ছবির প্রযোজকদের অন্যতম ছিলেন। সঙ্গে সঙ্গে ফরাহ পাল্টা মন্তব্য করেন, অক্ষয় নাকি তাঁর সব টাকা খরচ করিয়ে দিয়েছিলেন। যদিও অক্ষয় হাসতে হাসতেই সেই অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ছবি থেকে সবচেয়ে বেশি লাভ তো ফরাহই করেছিলেন।

 

উল্লেখ্য, ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিস মার খান’ বক্স অফিসে মোটামুটি সফল হলেও সমালোচকদের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছিল। পরে এক সাক্ষাৎকারে ফরাহ স্বীকার করেন, সেই সমালোচনা তাঁর মানসিক অবস্থায় গভীর প্রভাব ফেলেছিল। তবে সময়ের সঙ্গে ছবিটি দর্শকের একাংশের কাছে ‘কাল্ট ফেভারিট’-এর মর্যাদা পেয়েছে। আর সেই ছবিকে ঘিরেই আজও সামনে আসে এমন সব মজার ও অজানা স্মৃতি, যা বলিউডপ্রেমীদের কাছে সমান আকর্ষণের।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

Image source-Google

By Torsha