‘লগান’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে নিজের চেনা সহজ-সরল লুকে ধরা দিয়েছিলেন কিরণ রাও। তবে তাঁর পোশাক ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনই নেটমাধ্যমে উড়ে এসেছে তির্যক মন্তব্যও।
তারকাদের ফ্যাশন নিয়ে আলোচনা নতুন নয়। কখনও প্রশংসা, কখনও সমালোচনা— দুই-ই থাকে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন পরিচালক ও প্রযোজক কিরণ রাও (Kiran Rao)। ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পোশাক ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
অনুষ্ঠানে কিরণকে (Kiran Rao) দেখা যায় লাল-কালো খোপকাটা শাড়িতে, যা অনেকের কাছে গামছা প্রিন্ট নামেও পরিচিত। সেই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন কালো রঙের একটি টি-শার্ট। কাঁধে ঝোলা ব্যাগ, চোখে চশমা এবং প্রসাধনহীন মুখ— বরাবরের মতোই স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বনির্ভর সাজেই ধরা দেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছেলে আজ়াদ রাও খান। লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় কিরণকে।
তবে তাঁর টি-শার্টে লেখা একটি বাক্যই বিশেষ নজর কেড়েছে। তাতে লেখা ছিল, **”মিলে তোহ সম্পর্ক করে”।** এই বার্তা ঘিরেই শুরু হয় নানা আলোচনা। অনেকেই কিরণের এই ব্যতিক্রমী ফ্যাশনবোধের প্রশংসা করেন। তাঁদের মতে, তিনি কখনও প্রচলিত গ্ল্যামারের চাপে নিজেকে বদলানোর চেষ্টা করেন না। বরং নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বকেই প্রাধান্য দেন।
অন্যদিকে, নেটমাধ্যমের একাংশ তাঁর এই লুক নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। অনেকের প্রশ্ন ছিল, এত বড় অনুষ্ঠানে শাড়ির সঙ্গে সাধারণ স্লোগান লেখা টি-শার্ট পরার সিদ্ধান্ত কেন? কেউ কেউ মন্তব্য করেন, এই পোশাক নাকি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযুক্ত, কোনও তারকাখচিত অনুষ্ঠানের জন্য নয়। এমনকি এক নেটাগরিক খোঁচা দিয়ে লেখেন, **”আমিরের চতুর্থ বিয়ের জন্য একেবারে আদর্শ পোশাক!”** আর এক জনের প্রশ্ন, **”কিরণ রাও আসলে কী পরেছেন?”**
এই কটাক্ষের নেপথ্যে রয়েছে আমির খানকে ঘিরে সাম্প্রতিক জল্পনাও। জানা গিয়েছে, আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন আমির। এর জের ধরেই কিরণকে উদ্দেশ করে ‘চতুর্থ বিয়ে’ প্রসঙ্গ টেনে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
উল্লেখ্য, ২০০৫ সালে আমির খান ও কিরণ রাওয়ের বিয়ে হয়। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করলেও ছেলে আজ়াদের সহ-অভিভাবক হিসেবে তাঁরা এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। ব্যক্তিগত ও পেশাগত নানা ক্ষেত্রেও একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের।
সমালোচনা ও প্রশংসা— দু’য়ের মাঝেই অবশ্য নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই অনড় রয়েছেন কিরণ রাও। কারণ, তাঁর কাছে ফ্যাশনের সংজ্ঞা বরাবরই নিজেকে স্বচ্ছন্দে প্রকাশ করার মধ্যেই সীমাবদ্ধ।
আরও পড়ুন: Pritam Chakraborty: জন্মদিনের পরই নতুন পথের ইঙ্গিত প্রীতমের, অবসরের জল্পনায় সরগরম অনুরাগীরা
Image source-Google