দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা Vijay Deverakonda এবং Rashmika Mandanna-র সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। অবশেষে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি চারহাত এক হতে চলেছে তাঁদের। যদিও তারকাজুটি আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবু নিমন্ত্রণপত্রের ছবি এবং ইন্ডাস্ট্রির অন্দরের নানা খবর ঘিরে কৌতূহল তুঙ্গে।

 

জানা গিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের বিয়ের ভিডিও সম্প্রচারের জন্য বিপুল অঙ্কের প্রস্তাব দেয়। অঙ্কটা নাকি ৬০ কোটি টাকা। কিন্তু সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয়–রশ্মিকা। ব্যক্তিগত মুহূর্তকে ব্যক্তিগত রাখতেই নাকি এই সিদ্ধান্ত। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা— এমনটাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে।

 

খবর, রাজস্থানের উদয়পুরে বসতে পারে বিয়ের আসর। পাশাপাশি হায়দরাবাদে প্রীতিভোজেরও আয়োজন থাকবে বলে জল্পনা। যদিও ছড়িয়ে পড়া নিমন্ত্রণপত্রের সত্যতা নিয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা মেলেনি।

 

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিয়ের কড়া নিয়মকানুন নিয়ে। শোনা যাচ্ছে, অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশে কড়াকড়ি থাকবে। কেউ ফোন নিয়ে ঢুকলেও ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ বিয়ের কোনও ঝলক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হোক, তা চান না তারকাজুটি।

 

এ ছাড়াও জানা গিয়েছে, এই বিয়ে হবে একান্ত পারিবারিক পরিসরে। ইন্ডাস্ট্রির সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে না বলেই খবর। শুধু দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় এবং কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। ইতিমধ্যেই প্রাক্‌বিবাহের কিছু অনুষ্ঠান শুরু হয়েছে বলেও শোনা যাচ্ছে। রশ্মিকার পরিবার নাকি ঘরোয়া আয়োজনে বিয়ের প্রস্তুতি সেরে ফেলছে।

 

সব মিলিয়ে, আড়ম্বর নয়— ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা এবং সীমিত অতিথিতেই বিয়ের পরিকল্পনা করছেন বিজয় ও রশ্মিকা। ৬০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যেন সেই ভাবনাকেই আরও স্পষ্ট করে দেয়— আলো ঝলমলে দুনিয়ার মাঝেও কিছু মুহূর্ত শুধু নিজেদের জন্যই রাখতে চান তাঁরা।

আরও পড়ুন:Pratik Ur Rahman: ইস্তফা কি তবে নিজের ইচ্ছায় নয়? চিঠি নিয়ে মুখ খুলে দলের বিরুদ্ধেই বিস্ফোরক প্রতীক-উর

Image source-Google

By Torsha