মাসখানেকের মধ্যেই ৪৮ বছরে পা দেবেন তিনি। তবু সাম্প্রতিক ছবি ‘মর্দানী ৩’-এর অ্যাকশন দৃশ্যে তাঁর এনার্জি ও ফিটনেস দেখে অবাক দর্শকরা। এই বয়সেও এমন ফিট থাকার রহস্য কী? প্রযুক্তির সহায়তা নয়, বরং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই তাঁর মূল মন্ত্র— জানালেন রানি নিজেই।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, সূর্য ওঠার পর দু’টি কাজ তিনি নিয়ম করে করেন— যোগাসন ও সূর্য নমস্কার। তাঁর কথায়, এই দুই অভ্যাসই প্রতিদিনের সকালের অপরিহার্য অংশ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তাঁর শরীরচর্চা শুরু হয়ে যায়। নিয়মিত এই অনুশীলনই তাঁকে মানসিক ও শারীরিক ভাবে সক্রিয় রাখে।

 

শুধু ব্যায়াম নয়, খাদ্যাভ্যাস নিয়েও সমান সচেতন রানি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়াদাওয়ায় সংযম জরুরি বলেই মনে করেন তিনি। কোনও খাবার থেকে নিজেকে বঞ্চিত করেন না, তবে পরিমিত খাওয়ার পক্ষপাতী। তাঁর মতে, ১০–২০ বছর আগে যা এবং যতটা খেতেন, এখন আর সে ভাবে খান না। সব কিছুই খাওয়া যায়, কিন্তু মাত্রা ছাড়ানো চলবে না— এই নীতিতেই বিশ্বাসী তিনি।

 

ত্বকের যত্নেও রয়েছে সরলতা। দামি প্রসাধন নয়, বরং নারকেল তেলেই আস্থা রানির। উপকূলীয় আবহাওয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তাঁর বিশ্বাস, এই তেল ত্বকের জন্য অত্যন্ত উপকারী। স্বাস্থ্যচর্চা হোক বা রূপচর্চা— সব ক্ষেত্রেই সহজ নিয়মে নিজেকে বেঁধে রাখাই তাঁর ফিট থাকার আসল চাবিকাঠি।

 

চল্লিশোর্ধ্ব নারীদের জন্য রানির এই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন নিঃসন্দেহে অনুপ্রেরণার হতে পারে।

আরও পড়ুন: Mrunal Thakur: বিয়ে নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন মৃণাল ঠাকুর

Image source-Google

By Torsha