ভ্যালেন্টাইনস ডে-তে নাকি বিয়ে! দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন— এমন গুঞ্জনে সরগরম বিনোদনমহল। তবে এই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী মৃণাল ঠাকুর।

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রসিকতার সুরেই তিনি বলেন, “আজ আমার গায়েহলুদ, কাল সঙ্গীত! কিন্তু কেউ না খেয়ে যাবেন না।” তাঁর এই মন্তব্যে অনুরাগীদের কৌতূহল আরও বাড়ে। তবে স্পষ্ট করে দেন, নিজের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে— এমন খবর তিনিই জানেন না।

 

মৃণালের কথায়, শুধুমাত্র বিয়ে করার জন্য কোনও সম্পর্কে জড়ানো তাঁর পছন্দ নয়। তিনি বিশ্বাস করেন, সঠিক মানুষ, সঠিক সময় এবং মানসিক স্বাচ্ছন্দ্য— এই তিনের মিল হলেই সম্পর্কে বিয়ের সিলমোহর দেওয়া উচিত। এমন সঙ্গী চাই, যার নীরবতাও অস্বস্তিকর মনে হবে না।

 

নিজের বিয়ে নিয়ে রটনা তিনি উপভোগই করছেন। অভিনেত্রীর দাবি, তিনি কোনও অনুভূতি লুকিয়ে রাখতে পারেন না। তাই সত্যিই যদি বিয়ের পিঁড়িতে বসেন, সে খবরও গোপন রাখবেন না— সবার সঙ্গেই ভাগ করে নেবেন।

 

উল্লেখ্য, ‘দো দিওয়ানে শহর মে’ ছবির প্রচারের সময় সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেই এই সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন মৃণাল। কথোপকথনের মাঝেই সিদ্ধান্ত মজা করে বলেন, “১৪ ফেব্রুয়ারি মৃণালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা উচিত।” জবাবে হাসতে হাসতেই মৃণাল বলেন, “তাহলে সেটাই হবে বছরের সবচেয়ে বড় এপ্রিল ফুল!”

 

সব মিলিয়ে, বিয়ের গুঞ্জনকে আপাতত হালকা রসিকতা হিসেবেই দেখছেন অভিনেত্রী।

আরও পড়ুন:Sonali Chowdhury: ‘ভেবেছিলাম আরও অনেক কাজ করব’— অভিনয়জীবন নিয়ে কী বললেন সোনালি চৌধুরী?

Image source-Google

By Torsha