ঝলমলে নখ, রঙিন ডিজাইন আর নিখুঁত ফিনিশ—সাজগোজের তালিকায় এখন নেল এক্সটেনশন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। পোশাক, গয়না বা মেকআপের মতোই অনেকের দৈনন্দিন স্টাইল স্টেটমেন্টের অংশ এটি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে গুরুতর বিপদের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন ত্বক চিকিৎসকেরা।
নেল এক্সটেনশন মানেই কৃত্রিম নখ বসিয়ে তার উপর জেল, রং ও নকশার একাধিক স্তর। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা। এই সময়ের মধ্যেই বারবার ব্যবহার করা হয় বিশেষ ইউভি বা এলইডি ল্যাম্প। আর এখানেই শুরু হয় সমস্যার সূত্রপাত।
চিকিৎসকদের মতে, এই ল্যাম্প থেকে নির্গত অতিবেগনি রশ্মি সরাসরি নখ ও আশপাশের ত্বকের উপর পড়ে। একাধিক স্তর শুকোনোর জন্য বারবার হাত ঢোকাতে হয় সেই তীব্র আলোতে। ফলে ত্বকের গভীরে প্রবেশ করে অতিবেগনি রশ্মি, যা তৈরি করে ‘রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস’ বা আরওএস। এই ক্ষতিকর উপাদান ধীরে ধীরে ডিএনএ ও ত্বকের কোষ নষ্ট করতে শুরু করে।
এর ফল হিসেবে অকাল বার্ধক্য, বলিরেখা, ত্বকের রুক্ষতা তো বটেই, দীর্ঘমেয়াদে স্কিন ক্যানসারের ঝুঁকিও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। মাঝেমধ্যে নেল এক্সটেনশন করালে ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম হলেও, এখন বহু মহিলা মাসে একাধিক বার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। সেক্ষেত্রে বিপদের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
কী ভাবে ঝুঁকি কমাবেন?
চিকিৎসকেরা কয়েকটি সতর্কতার কথা জানাচ্ছেন—
১) সানস্ক্রিন ব্যবহার করুন:
সালোঁয় যাওয়ার আগে হাতের ত্বকে ভালো করে সানস্ক্রিন মাখুন। এতে অতিবেগনি রশ্মির ক্ষতি কিছুটা হলেও কমবে।
২) ইউভি প্রোটেক্টিভ গ্লাভস পরুন:
বিশেষ ধরনের গ্লাভস পাওয়া যায়, যেখানে নখের অংশ খোলা থাকে। এগুলি ব্যবহার করলে হাতের বাকি ত্বক সুরক্ষিত থাকে।
৩) অভ্যাসে লাগাম দিন:
ঘন ঘন নেল এক্সটেনশন করানো এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। মাঝে বিরতি দিলে ত্বক ও নখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সময় পায়।
সাজগোজ অবশ্যই আনন্দের বিষয়, কিন্তু তার সঙ্গে সচেতনতা না থাকলে সেই আনন্দই বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে—এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Image source-Google