রূপচর্চার জগৎ বদলাচ্ছে দ্রুত। এক সময় ধাপে ধাপে স্কিন কেয়ার রুটিনই ছিল ট্রেন্ড। ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজিং—সব কিছুর জন্য আলাদা আলাদা প্রোডাক্ট। কিন্তু সময়ের অভাবে এখন অনেকেই খুঁজছেন এমন সমাধান, যা কম ধাপে বেশি কাজ করবে। সেই ভাবনাতেই নতুন প্রজন্মের পছন্দ হয়ে উঠছে দুধের মতো দেখতে ‘মিল্কি ক্লিনজ়ার’।

 

অনেকের মনেই এখনও ধারণা, মুখ পরিষ্কার করতে হলে ফেনা চাই-ই চাই। যত বেশি ফেনা, তত পরিষ্কার—এমন বিশ্বাস বহু দিনের। কিন্তু এই ফেনা তুলতেই ফেসওয়াশে থাকে শক্ত ক্লিনজ়িং এজেন্ট, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। ফলে মুখ ঝকঝকে হলেও কিছু ক্ষণের মধ্যেই টানটান ভাব শুরু হয়।

 

এই জায়গাতেই আলাদা করে নজর কেড়েছে মিল্কি ক্লিনজ়ার। নাম শুনে একে নিছক দুধ দিয়ে মুখ পরিষ্কার করার ভাবলে ভুল হবে। এটি আসলে এমন এক ধরনের ক্লিনজ়ার, যা দেখতে ক্রিমের মতো, ফেনা তৈরি করে না, অথচ ত্বকের উপর জমে থাকা ধুলো, ময়লা, ঘাম এবং মেকআপ সহজেই তুলে নেয়।

 

মিল্কি ক্লিনজ়ার ব্যবহার করলে মুখ পরিষ্কারের সময় ত্বক রুক্ষ হয় না। বরং নরম স্পর্শে ত্বক পরিষ্কার হয় এবং আর্দ্রতাও বজায় থাকে। এই ধরনের ক্লিনজ়ার সাধারণ ফেসওয়াশের মতোই ব্যবহার করতে হয়—হালকা করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেললেই হল।

 

এখানে আর একটি ভুল ধারণা ভাঙা দরকার। মিল্কি ক্লিনজ়ার মানেই যে প্রাণিজ দুধ ব্যবহার করা হচ্ছে, তা নয়। ওট্‌স মিল্ক, নারকেলের দুধ, রাইস মিল্কের মতো উদ্ভিজ্জ উপাদান দিয়েও তৈরি হচ্ছে এই ক্লিনজ়ার। ফলে ভিগান স্কিন কেয়ার পছন্দ করেন যাঁরা, তাঁদের কাছেও এটি বেশ জনপ্রিয়। অনেক ব্র্যান্ড আবার এতে ভিটামিন বি৫ বা অন্যান্য ত্বকবান্ধব উপাদান যোগ করছে, যা ত্বককে আরও পুষ্ট করে।

 

কেন নতুন প্রজন্মের পছন্দ?

 

• দিনের শেষে দীর্ঘ স্কিন কেয়ার রুটিন অনেকের কাছেই ক্লান্তিকর। মিল্কি ক্লিনজ়ার কম সময়ে কাজ শেষ করতে সাহায্য করে।

• ত্বক পরিষ্কার হলেও শুষ্কতা আসে না, তাই সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী।

• তৈলাক্ত ভাব থাকার কারণে ওয়াটারপ্রুফ মাস্কারা বা লং-লাস্টিং লিপস্টিকও সহজে উঠে আসে।

• বারবার মুখ ধুতে জল বেশি লাগে না, ফলে ত্বকের ক্ষতি কম হয়।

 

সব মিলিয়ে বলা যায়, কম ধাপে কার্যকর রূপচর্চার দিকে ঝোঁকার ফলেই মিল্কি ক্লিনজ়ার জায়গা করে নিচ্ছে নতুন প্রজন্মের স্কিন কেয়ার রুটিনে।

আরও পড়ুন: Priyanka Chopra: প্রিম্যাচিয়োর জন্ম, টানা তিন মাস হাসপাতালের লড়াই—মালতীকে নিয়ে সেই ভয়াবহ সময়ের কথা বললেন নিক

Image source-Google

By Torsha