৬১ বছরের অভিনেতা গোবিন্দের খাবারের অভ্যাস শুনে অনেক অনুরাগী চমকে যান। এক সময় তিনি এক পুরো মাখনের বার খেতেন, আর এখনও প্রচুর মাখন খান। প্রশ্ন হয়, এত মাখন খেয়ে কীভাবে তিনি সুস্থ থাকেন এবং ক্যামেরার সামনে এত সুন্দর নাচ করেন?
অভিনয় পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে স্বাস্থ্য সচেতনতা। কিন্তু গোবিন্দ এই নিয়মকে মেনে চলেননি কখনও। স্ত্রী সুনীতা আহুজা বলেন, “গোবিন্দ ডায়েট মেনে চলতে পারেন না। তিনি মাখনসহ রসুন ফোড়ন দেওয়া ডাল, পালংশাক বা পালং পনির খেতে ভালোবাসেন। এক সময়ে এক পুরো মাখনের বার খেতেন, তবুও নাচতে কোনো অসুবিধা হত না। এখনও প্রচুর মাখন খান, তবে বুঝে খাওয়ার চেষ্টা করেন।”
মাখন নিয়ে বিতর্ক নতুন নয়। কেউ বলেন ক্ষতিকর, কেউ বলেন সামান্য খেলে স্বাস্থ্যের জন্য ভালো। আসলে, মাখন স্বাস্থ্যকর না ক্ষতিকর—এটি নির্ভর করে পরিমাণ, ব্যবহার এবং শরীরের অবস্থার উপর।
মাখন মূলত দুধের চর্বি থেকে তৈরি। এতে স্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন এ, ডি, ই এবং কে থাকে। এই ভিটামিনগুলো চোখ, হাড়, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে খাঁটি মাখনে কিছু উপকারী ফ্যাটি অ্যাসিড থাকে, যা অন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে। পুষ্টিবিদ অনিতা মীরচন্দানি বলেন, “খাঁটি মাখন খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ নয়। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ক্ষণিকের জন্য পেট ভরে রাখে। তবে অবশ্যই পরিমাণমতো খাওয়া প্রয়োজন।”
সমস্যা শুরু হয় অতিরিক্ত খেলে। স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় নিয়মিত অতিরিক্ত মাখন খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে। এর ফলে হৃদযন্ত্রের সমস্যা, ওজন বৃদ্ধি এবং ধমনীতে চর্বি জমার ঝুঁকি বাড়ে। যাদের আগে থেকেই কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা আছে, তাদের জন্য অতিরিক্ত মাখন ক্ষতিকর। এছাড়া বাজারজাত প্যাকেট মাখনে অনেক সময় অতিরিক্ত নুন, প্রিজারভেটিভ বা ট্রান্স ফ্যাট থাকে, যা শরীরের জন্য ভালো নয়।
হার্ট বা কোলেস্টেরল সমস্যা না থাকলে, অল্প পরিমাণে মাখন খাওয়া স্বাভাবিকভাবেই নিরাপদ। রান্নায় বা পাউরুটিতে সামান্য মাখন স্বাদ বাড়ায় এবং পুষ্টিও যোগায়। গোবিন্দ যেমন পরিমাণে মাখন খেয়েছেন, তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও তিনি ঘরে তৈরি খাবার খেয়ে, শরীরচর্চা করে এবং শুটে পরিশ্রম করে সুস্থ থাকার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: Radhika Apte: ওজন বাড়ার খেসারত দিতে হয়েছিল কেরিয়ারের শুরুতেই, জানালেন রাধিকা আপটে?
Image source-Google