চলচ্চিত্র জগতে চেহারার গড়ন নিয়ে কটাক্ষ নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে ওজন বৃদ্ধি হলেই শুরু হয়ে যায় সমালোচনা। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই অভিনয়জীবনের একেবারে শুরুর দিকে যেতে হয়েছিল অভিনেত্রী রাধিকা আপটেকে। মাত্র কয়েক কেজি ওজন বেড়ে যাওয়ার কারণেই হাতছাড়া হয়েছিল একটি বড় সুযোগ, যার প্রভাব পড়েছিল তাঁর মানসিক স্বাস্থ্যের উপর।

 

অভিনয়ের প্রথম দিকে একটি বড় প্রযোজনা সংস্থার ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন রাধিকা। শুটিং শুরুর আগেই তিনি একটি ছুটির পরিকল্পনার কথা প্রযোজনা সংস্থাকে জানিয়েছিলেন। সেই সময় তিনি স্পষ্ট করেই বলেছিলেন, ভ্রমণের সময় কঠোর ডায়েট মেনে চলবেন না, ফলে সামান্য ওজন বাড়তে পারে। তবে ফিরে এসেই তা ঝরিয়ে ফেলবেন—এই আশ্বাসও দিয়েছিলেন।

 

রাধিকা যেমনটা ভেবেছিলেন, তেমনটাই হয়েছিল। ছুটি কাটিয়ে ফিরে এসে তাঁর ওজন প্রায় চার কেজি বেড়ে গিয়েছিল। তখন বয়স কম ছিল, মেটাবলিজ়মও ভাল ছিল, তাই দ্রুত ওজন কমানো সম্ভব—এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে একটি ফটোশুট করা হয়। সেই ছবিতে তাঁকে তুলনায় ভারী দেখাচ্ছিল বলে প্রযোজনা সংস্থা তাঁকে ছবিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

অভিনেত্রী জানান, তাঁর জায়গায় অন্য এক অভিনেত্রীকে নিয়ে সেই ছবি তৈরি হয় এবং ছবিটি বক্স অফিসে সফলও হয়। এই ঘটনায় গভীরভাবে আঘাত পেয়েছিলেন রাধিকা। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ওজন বাড়া নিয়ে এক ধরনের ভয় তৈরি হয়ে গিয়েছিল তাঁর মনে। সামান্য পরিবর্তন হলেই মনে হত, দ্রুত ওজন কমাতেই হবে।

 

এই মানসিক চাপ কাটিয়ে উঠতে পরে মনোবিদের সাহায্য নেন রাধিকা আপটে। ধীরে ধীরে নিজের শরীর ও মন—দুটোকেই গ্রহণ করতে শেখেন তিনি। সন্তানের জন্মের পরেও তাঁর ওজন বেড়েছিল, কিন্তু তখন আর সেই পুরনো আতঙ্ক ফিরে আসেনি। পরিবর্তিত চেহারাতেই আবার আত্মবিশ্বাসের সঙ্গে শুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেত্রী।

 

আজ ফিরে তাকিয়ে রাধিকার মনে হয়, কেরিয়ারের শুরুর সেই কঠিন অভিজ্ঞতা তাঁকে আরও শক্ত করেছে। সেই ধাক্কাই হয়তো তাঁকে নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে সাহায্য করেছে—যা দীর্ঘ অভিনয়জীবনে এগিয়ে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুন: Amit Malviya: উসকানিমূলক পোস্টের জের! অমিত মালব্যের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

Image source-Google

By Torsha