রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থাকে কেন্দ্র করে আবারও তীব্র উত্তেজনা ছড়াল। নবম-দশম ও একাদশ-দ্বাদশ পর্যায়ের এসএসসি (SSC) পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউ কল না পাওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল বিকাশভবন (Bikash Bhavan) চত্বর। সোমবার দুপুর থেকেই করুণাময়ী মোড়ে জড়ো হতে থাকেন নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার নামে চলছে চরম অন্যায় ও দুর্নীতি; যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন অভিজ্ঞতার অতিরিক্ত নম্বরের অজুহাতে।

প্রার্থীদের দাবি, নতুন পরীক্ষায় বহু জনই লিখিততে পেয়েছেন ফুল মার্কস। তবুও তাঁরা ইন্টারভিউয়ের ডাক পাননি। কারণ হিসেবে দেখানো হয়েছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যুক্ত অতিরিক্ত ১০ নম্বর, যা নতুন আবেদনকারীদের কারও ঝুলিতে ছিল না। ফলে কাটঅফ নম্বর বাস্তবে তাঁদের প্রাপ্ত নম্বরের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে। এই অস্বচ্ছ মানদণ্ডই নতুনদের বঞ্চনার মূল কারণ বলে অভিযোগ ওঠে।

এই ক্ষোভ থেকেই সোমবার বিকাশভবন (Bikash Bhavan) ঘেরাওয়ের ডাক দেন আন্দোলনকারীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিকাশভবনের দিকে এগোতেই নেমে আসে পুলিশ বাহিনী। অভিযোগ, আন্দোলনকারীদের জোর করে ধাক্কা দিয়ে করুণাময়ী মেট্রো স্টেশনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে তাঁরা রাস্তায় অবস্থান করতে না পারেন। পুলিশের দাবি, অনুমতি ছাড়া রাস্তায় আন্দোলন করে জনজীবন ব্যাহত করার অধিকার কারও নেই। আইনানুগ পদ্ধতিতেই তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।

২০১৬ সালের নিয়োগ নিয়ে দুর্নীতি এবং অসাংবিধানিক নিয়োগ পদ্ধতির অভিযোগে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করেছিল। চাকরি হারিয়েছিলেন প্রায় ২৫,৭৫২ শিক্ষক ও শিক্ষাকর্মী। পরে আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ফলেই দেখা দিয়েছে এই নতুন বিতর্ক—যেখানে সর্বোচ্চ নম্বর পাওয়ার পরও সাক্ষাৎকারের সুযোগ মেলেনি বহু যোগ্য প্রার্থীর।

 

আরও পড়ুন: Raja Ram Mohan Roy: রাজা রামমোহনকে ‘ব্রিটিশের দালাল’ বলায় তীব্র বিতর্ক, তৃণমূলের তোপ বিজেপিকে

By Sk Rahul

Senior Editor of Newz24hours