আন্তর্জাতিক যাত্রীদের জন্য এক নতুন দিগন্ত খুলে গেল — কলকাতা থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন এবার আরও সহজ হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একান্ত প্রচেষ্টায় ইন্ডিগো এয়ারলাইনস (IndiGo Airlines) ঘোষণা করল কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত। চলতি বছরের মার্চ মাসে লন্ডন সফরের সময় মুখ্যমন্ত্রী সরাসরি ব্রিটিশ কর্তৃপক্ষ ও বণিকসভায় কলকাতা-লন্ডন রুটে ফের বিমান চালুর দাবি জানিয়েছিলেন। একদা যে রুটে ব্রিটিশ এয়ারওয়েজ নিয়মিত পরিষেবা দিত, তা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় যা বাংলার আন্তর্জাতিক যাত্রীদের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সে সময় বলেছিলেন, “বাংলা লন্ডন থেকে খুব একটা দূরে নয়। সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই প্রান্তের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। প্রথম কোনও সংস্থা এগিয়ে এলে আমরা জ্বালানির ওপর ছাড়ের কথাও ভাবব।” অবশেষে সেই দাবি বাস্তব রূপ নিতে চলেছে। ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-মুম্বই-লন্ডন রুটে যাত্রা শুরু করবে তাদের ফ্লাইট। যাত্রীরা মুম্বইয়ে একবার স্টপওভার করেই লন্ডনে পৌঁছাতে পারবেন, তবে যাত্রার সূচনা ও সমাপ্তি হবে কলকাতা থেকেই।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই আন্তর্জাতিক যাত্রার জন্য প্রাথমিক ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র ২২,০০০ টাকা, যা তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয়ী। এই নতুন উদ্যোগ শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না, বরং বাংলার সঙ্গে আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটনের সংযোগ আরও মজবুত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।