সকালে সেটে ঢোকা, রাতে বেরোনো—এই নিয়েই কাটে ‘জোয়ার ভাঁটা’-র নায়িকা নিশা (শ্রুতি দাস) ও উজি (আরাত্রিকা মাইতি)-র দিন। দুর্গাপুজো ছাড়া অন্য সময় ছুটি মেলে না বললেই চলে। তাই ব্যস্ততার মধ্যেই একটু আনন্দের খোঁজে মেতে উঠলেন তাঁরা।
শুটিংয়ের ফাঁকে টালিগঞ্জের স্টুডিয়োয় ডেকে নিলেন ফুচকাওয়ালাকে! সহ-অভিনেত্রী চাঁদনি সাহার সঙ্গে হাসি-ঠাট্টা, গল্প আর একের পর এক ফুচকা—স্টুডিয়োই যেন হয়ে উঠল ছোট্ট পুজো মেলা।
আরাত্রিকা বলেন, “শুটিং এতটাই টাইট যে বাইরে ঘোরা সম্ভব নয়। তাই স্টুডিয়োতেই পুজো, ফুচকা, আনন্দ—সব কিছু।” শ্রুতি হাসতে হাসতে যোগ করেন, “আমাদের ছুটি না থাকলেও মজা করতে কেউ আটকাতে পারবে না! এটা একপ্রকার দুধের সাধ ঘোলে মেটানো।”
ধারাবাহিকটির প্রথম দিক থেকেই টানটান উত্তেজনার কাহিনি দর্শকের মন জয় করেছে। বাবার মৃত্যুর প্রতিশোধ, বোনেদের সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে জমে উঠেছে গল্প। তবে ক্যামেরার সামনে যত তীব্র নাটক, সেটের বাইরে অভিনেতাদের বন্ধুত্ব ততটাই উষ্ণ।
Image source-Google