দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে সরব থেকেছেন তিনি। বিরোধিতার মুখে থেকেছেন সামনে। কিন্তু এবার সেই সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নিজেই বালুরঘাটে (Balurghat) হাত লাগালেন দুর্গাপুজোর অনুষ্ঠানে। শুরু করলেন ‘সাংসদ শারদ সম্মান’ এবং ‘শোভাযাত্রা প্রতিযোগিতা’।
বালুরঘাট লোকসভার অন্তর্গত দক্ষিণ দিনাজপুরের আটটি ও উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক মিলিয়ে মোট ৯টি ব্লকে এবার পুজোর মরসুমে রীতিমতো উৎসবের আবহ তৈরি করতে চাইছেন এই বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর নিজস্ব অফিস থেকেই শুরু হয়েছে নাম নথিভুক্তির প্রক্রিয়া — চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতায় রয়েছে ব্লকভিত্তিক ও সদর বালুরঘাটের শ্রেষ্ঠ পুজো কমিটিকে পুরস্কার দেওয়ার পরিকল্পনা।
পুরস্কার তালিকা (পুজো প্রতিযোগিতা):
প্রথম পুরস্কার: ৩০,০০০ টাকা
দ্বিতীয় পুরস্কার:২০,০০০ টাকা
তৃতীয় পুরস্কার: ১০,০০০ টাকা
শুধু এখানেই থেমে থাকছে না উদ্যোগ। বিসর্জনের দিন অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য ‘শারদ শোভাযাত্রা’, যেখানে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও দেশাত্মবোধের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
শোভাযাত্রা প্রতিযোগিতার পুরস্কার:
প্রথম পুরস্কার: ৩,০০,০০০ টাকা
দ্বিতীয় পুরস্কার: ২,০০,০০০ টাকা
তৃতীয় পুরস্কার: ১,০০,০০০ টাকা
অতিরিক্ত ১০টি দলকে ১০,০০০ করে উৎসাহমূলক পুরস্কার।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমরা বাংলার আসল সংস্কৃতিকে সম্মান জানাতে চাই। এটা সেই সংস্কৃতি নয় যেখানে পুজো মানে মাতলামি আর হুল্লোড়। আমরা চাই শারদ উৎসব হোক জাতীয়তাবাদ, ঐতিহ্য আর নান্দনিকতার মিলনস্থল। যে ক্লাব বা সংস্থা সেই চেতনা তুলে ধরবে, তারা পাবে আমাদের সম্মান এবং পুরস্কার।” তিনি আরও জানান, এই কর্মসূচি একবার শুরু হয়েছে মানে থেমে থাকবে না, যতদিন তিনি সাংসদ থাকবেন, এই সম্মান অব্যাহত রাখার চেষ্টা করবেন।