২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে বঙ্গ বিজেপির (BJP) অন্দরমহলে রাজনৈতিক তাপমাত্রা এখন চরমে। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) নেতৃত্বে গঠিতব্য রাজ্য কমিটিকে ঘিরে দলীয় অন্দরে শুরু হয়েছে তীব্র কাটাছেঁড়া, গোষ্ঠীদ্বন্দ্ব এবং পদ-পদবি ঘিরে দখলদারির লড়াই। সম্প্রতি আরএসএস এবং বঙ্গ বিজেপির এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক ঘিরে উঠেছে একাধিক জল্পনা। যদিও এখনও পর্যন্ত নতুন কমিটি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সূত্রের খবর, শমীক নিজস্ব একটি ‘ফাংশনাল’ টিম তৈরি করতে চাইছেন—যেখানে থাকবে সংগঠনের পুরনো সৈনিকদের অভিজ্ঞতা এবং নতুন মুখের আগ্রাসী মাটির সংযোগ।

কিন্তু সেই রাস্তায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর গোষ্ঠীগত চাপ। এই দুই নেতার প্রত্যাশা, তাঁদের ঘনিষ্ঠ এবং অনুগত কর্মীরাই মূল দায়িত্বে থাকবেন। ফলে, শমীকের টিম গঠনের পথে তৈরি হয়েছে ঘোর অস্বস্তি। মহিলা মোর্চার দায়িত্বে থাকতে পারেন শশী অগ্নিহোত্রী বা রূপা গঙ্গোপাধ্যায়। যুব মোর্চার সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি ও সুরঞ্জন সরকার। আর সাধারণ সম্পাদক পদে প্রবল আলোচনায় রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো।

অন্যদিকে, গুঞ্জন উঠেছে অমিতাভ চক্রবর্তী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে ছাড়তে হবে তাঁর সংগঠনের পদ, যা দলীয় ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে বাধ্য। এই প্রেক্ষাপটে শমীক চাইছেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো পরীক্ষিত নেতাদের ফের মূল কমিটিতে নিয়ে এসে দলকে মজবুত করতে। তবে শীর্ষ নেতৃত্বের সম্মতি ছাড়া সেই প্রয়াসও সহজ হবে না বলেই ইঙ্গিত মিলছে।

এক কথায়, ছাব্বিশের লড়াইয়ের আগে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ টিম কাদের নিয়ে গঠিত হবে, তা আপাতত নির্ভর করছে গোষ্ঠীগত সমঝোতা ও সংঘাতের সাময়িক সমাধানের উপর। বিজেপির অন্দরে এই মুহূর্তে ‘কে থাকছেন, কে বাদ’—তা নিয়েই চলছে সর্বোচ্চ কূটনৈতিক খেলা।

 

আরও পড়ুন: Sukanta Majumdar: ‘বিরোধিতা থেকে উদ্যোগে’, পুজোর ময়দানে এবার নতুন ইনিংস সুকান্ত মজুমদারের

By Sk Rahul

Senior Editor of Newz24hours