টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা। অভিনেত্রীর দাবি, কিছু মানুষ তাঁর নামে ভুয়ো চ্যাট তৈরি করে ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তবে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দেবচন্দ্রিমা।

 

নিজের পোস্টে দেবচন্দ্রিমা লিখেছেন, “আজ এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি যা অবিশ্বাস্য। আমি খুব ভয় পাচ্ছি, মানসিকভাবে ভেঙে পড়েছি। এই শহরটা আর নিজের বলে মনে হচ্ছে না। নিরাপত্তার কারণে আপাতত আমি নিজের ফ্ল্যাটে থাকতেও স্বচ্ছন্দ নই।” তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে তিনি কারও সঙ্গে যোগাযোগ রাখতে চান না এবং সকলকে তাঁর পরিস্থিতি বোঝার অনুরোধ করেছেন।

 

দেবচন্দ্রিমা নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে গিয়ে বলেছেন, “আমি তেমন মানুষ নই যে নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করব, কিন্তু কিছু মানুষ হয়তো এই পরিস্থিতি উপভোগ করছেন। আমি একদিন আদালতে সব প্রমাণ করব।”

 

এই পোস্ট প্রকাশ্যে আসতেই সহকর্মী ও ভক্তরা পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। অভিনেত্রী শ্রুতি দাস মন্তব্য করেন, “যদি কোনও সাহায্যের দরকার হয়, অবশ্যই জানিও। সাবধানে থেকো।” যদিও দেবচন্দ্রিমা বিস্তারিত কিছু জানাননি, তাঁর পোস্টে বোঝা যাচ্ছে তিনি গভীর আতঙ্ক ও মানসিক চাপে রয়েছেন।

 

এই ঘটনার জেরে বিনোদন জগতে আলোড়ন শুরু হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে সেলেব্রিটিদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন তুলেছেন। দেবচন্দ্রিমার অভিজ্ঞতা প্রমাণ করছে যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার একজন শিল্পীর ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন গ্রিন ফিশ

Image source-Google

By Torsha