বাংলা রক ব্যান্ড ‘হুলিগানিজম’-এর একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, গানে সনাতন ধর্মকে অসম্মান করা হয়েছে। এই অভিযোগে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি লালবাজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ই-মেল করে পুলিশকে পাঠানো হয়েছে গানের ক্লিপিংও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

বিজেপির হুঁশিয়ারি, পুলিশ ব্যবস্থা না নিলে তারা আদালতের দ্বারস্থ হবেন। প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “বাকস্বাধীনতার অধিকার সবার আছে, তবে তা যেন শালীনতার সীমা না ছাড়ায়। রসিকতা বা ব্যঙ্গের নামে কারও ধর্মবিশ্বাসে আঘাত করা উচিত নয়।”

 

প্রসঙ্গত, ভাইরাল হওয়া ৯ মিনিটের গানটিতে এসআইআর মামলা থেকে শুরু করে মন্দির-মসজিদ বিরোধ, সিপিআই(এম)-এর রাজনৈতিক পতন এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের মেজাজ নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। কুণাল ঘোষ নিজেই গানটির প্রশংসা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তটি শেয়ার করেছেন।

 

তবে গানটি ঘিরে নেটদুনিয়া দুই ভাগে বিভক্ত। একদিকে কেউ গানটিকে ব্যঙ্গাত্মক শিল্পীসুলভ প্রকাশ হিসেবে দেখছেন, অন্যদিকে অভিযোগ উঠছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। যদিও সিপিএম কেবল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে, বিজেপি সরাসরি আইনি পথে নেমেছে।

 

এদিকে অনির্বাণ ভট্টাচার্য এই বিতর্কে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। পুলিশ তদন্ত শুরু করেছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। নেটিজেনদের একাংশের কটাক্ষ, যারা বাকস্বাধীনতার কথা বলেন, তারাই এখন সেটি সীমিত করার চেষ্টা করছেন। সব মিলিয়ে অনির্বাণের গান নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

আরও পড়ুন: Aparajita Adhya: মাংস ছোঁয়াও হয়নি অপরাজিতার! সপ্তাহে চার দিন নিরামিষ, জীবনের দর্শনেই এমন সিদ্ধান্ত

Image source-Google

By Torsha