পুজোর গন্ধ যেন ইতিমধ্যেই ভেসে আসছে বাতাসে। আর মাস দুয়েক বাকি — সেপ্টেম্বরের শেষেই মহাষষ্ঠীর লগ্ন। শহরের নানা প্রান্তে বড় বড় পুজো কমিটিগুলো রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে প্রস্তুতিতে। সেই উদ্যোগে আরও গতি আনতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী ৩১ জুলাই বসতে চলেছেন পুজো কমিটিগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চপদস্থ কর্তারা, দমকল, সিইএসসি, পরিবহণ দফতর ও কলকাতা পুরসভার আধিকারিকরা। লক্ষ্য একটাই দুর্গাপুজো হোক নির্বিঘ্ন, সুষ্ঠু এবং উৎসবমুখর।
প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তার নিজস্ব কায়দায় মনে করিয়ে দেবেন মণ্ডপে নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, দমকল সতর্কতা ও জনসমাগম সামলাতে প্রশাসনের করণীয়। তবে উদ্যোক্তাদের নজর এ বছর অন্য একটি দিকেও সরকারি অনুদান নিয়ে।
গত বছর প্রতিটি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। সেই সময়ই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, আগামীতে অনুদানের অঙ্ক বেড়ে এক লক্ষ টাকা হতে পারে। এবার কি সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পাবে? উদ্যোক্তাদের আশা, এবারের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন সেই বড় খবর।
এই বছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। অন্যান্য বছরের তুলনায় তারিখ কিছুটা এগিয়ে আসায় প্রস্তুতির সময় কম। তাই সব পক্ষ চাইছে, আগে থেকেই হোক সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়ে উঠতে চলেছে সেই পরিকল্পনার প্রথম ধাপ — যেখানে মণ্ডপ আলো করে উঠবে শুধু আলোয় নয়, নিরাপত্তা, শৃঙ্খলা ও সহযোগিতার উজ্জ্বলতায়।