নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের মাথার উপর ছাদ তুলে দিতে ফের উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার নিউটাউনে (NewTown) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করলেন দু’টি নতুন আবাসন প্রকল্প — ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন বাংলার মানুষের জন্য এই ‘বৈপ্লবিক আবাসন উদ্যোগ’-কে সামনে তুলে ধরেন, তেমনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করেন।
‘নিজন্ন’ প্রকল্পে ১ বিএইচকে ফ্ল্যাট (৩০০-৪১০ স্কোয়ার ফিট), আর ‘সুজন্ন’-এ রয়েছে ২ বিএইচকে ফ্ল্যাট (৬২০-৭৩০ স্কোয়ার ফিট)। এই দুটি প্রকল্পে মোট ফ্ল্যাট সংখ্যা ১২১০টি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এগুলি লটারির মাধ্যমে বিতরণ করা হবে, যাতে প্রকৃতভাবে দরিদ্র মানুষ উপকৃত হন। ফ্ল্যাটের দাম বাজারমূল্যের তুলনায় অনেকটাই কম, এবং প্রকল্পের জন্য নিউটাউনে রাজ্য সরকার ৭ একর জমি বিনামূল্যে দিয়েছে। নির্মাণ খরচ পড়েছে ২৯০ কোটি টাকা।
এই প্রকল্পের পাশাপাশি রাজারহাটে একটি মাল্টি-লেভেল পার্কিং কমপ্লেক্সের উদ্বোধনও করেন মমতা, যার নাম দেওয়া হয়েছে ‘সুসম্পন্ন’। শিশুদের জন্য তৈরি হয়েছে ‘তরন্ন’ নামক পার্ক। রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, ও মর্নিং ওয়াকের জন্য উন্মুক্ত এলাকা — যা এক নতুন ‘নিউটাউন হ্যাবিট্যাট’-এর দৃষ্টান্ত।
এদিনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট জানান, “বাংলার আবাসন স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে শুধুমাত্র রাজ্যের তহবিলেই। কেন্দ্র এক টাকাও দেয়নি। অথচ আমরা ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছি।” তাঁর দাবি, কেন্দ্রের সহযোগিতা না থাকলেও, বাংলা নিজের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে।রাজনৈতিক মহল মনে করছে, এই প্রকল্প শুধু আবাসন নয়, ২০২৬-এর দিকেই তাকিয়ে থাকা তৃণমূল সরকারের জনমুখী বার্তা।