ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘গৃহপ্রবেশ’ ছবিতে অভিনয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জীতু কমল (Jeetu Kamal)। আবার ছোটপর্দায় তাঁর ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকপ্রিয়তার শিখরে। এরই মাঝে হঠাৎ লালবাজারে দেখা গেল তাঁকে—যার ফলে গুঞ্জন শুরু টলিপাড়ায়, নতুন কোনও সমস্যায় কি জড়ালেন অভিনেতা?
আসলে বিষয়টি একেবারেই ভিন্ন। আনন্দবাজার অনলাইনের সঙ্গে ফোনে কথা বলেই জীতু জানান, পরিচালক দুলাল দে-র ছবি ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এ গোয়েন্দা ‘অরণ্য চট্টোপাধ্যায়’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই গল্পই এবার গ্রন্থাকারে প্রকাশিত হল কলকাতা পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা এবং ডেপুটি কমিশনার অলোক সান্যালের উপস্থিতিতে লালবাজারে। প্রকাশ অনুষ্ঠানে ছিলেন জীতু, পরিচালক দুলাল দে এবং প্রকাশক দীপ্তাংশু মণ্ডল।
এই অনুষ্ঠানেই ঘোষিত হয়, বড় পর্দায় ফিরছে অরণ্য চট্টোপাধ্যায়। নির্মিত হচ্ছে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এর সিক্যুয়েল। পরিচালক জানান, নতুন গল্পে থাকবে আরও গভীর সামাজিক সংকটের চিত্র। কিছু চরিত্র এবং অভিনেতার রদবদলও হতে পারে, যেমন রাফিয়াত রশিদ মিথিলা এবার থাকছেন না।
এই আনন্দঘন মুহূর্তে নিজের অনুভূতি জানাতে গিয়ে জীতু (Jeetu Kamal) বলেন, “এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন বড় পর্দায়, ছোট পর্দায় এবং এখন বইয়ের পাতায় আমাকে দেখা যাচ্ছে। এটা সত্যিই দারুণ অনুভূতি। বাংলার গোয়েন্দাদের তালিকায় আরও একটি নাম জুড়ল—অরণ্য।”
তিনি আরও যোগ করেন, “জীবনে অনেক কিছু দেখেছি। এখন আমি শান্ত, স্থির। অবসাদ আসে না, রাগও হয় না। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে।”
ডেপুটি কমিশনার অলোক সান্যালও বলেন, “এই প্রথম কোনও ছবি, যাতে আমি অভিনয় করেছি, তা বই আকারে প্রকাশ পেল। আশা করি, সিক্যুয়েলেও থাকব।”
গোয়েন্দা অরণ্যের মতোই ধাপে ধাপে জীবনের রহস্য উন্মোচন করছেন জীতু কমল—কখনও পর্দায়, কখনও কাগজে।
আরও পড়ুন: Fatima Sana Shaikh: আমিরের প্রাক্তনের প্রেমে বিজয়? সম্পর্কের জল্পনায় মুখ খুললেন ফাতিমা
Image source-Google