রাজনীতির উত্তাপে ফের একবার কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক সাংবাদিক বৈঠকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম উচ্চারণ করে বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। ‘অভিষেক, অভিষেক, অভিষেক’ এইভাবে একটানা নামজপ করতেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে এই ঘটনাকে ব্যঙ্গ, কটাক্ষ ও রাজনৈতিক দেউলিয়াপনার নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে।
ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজে তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে কটাক্ষ করেন শুভেন্দুকে। তিনি লেখেন, “কলিযুগে ভগবানের নামজপে পরিত্রাণ মেলে। তবে বিজেপি মনে করছে, আমার নামজপে নাকি কিছু আসন জোটে! বাংলায় সেটা হবে না।” তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আরও এক ধাপ এগিয়ে লেখেন, “তার যদি কেটে যায়, নেমে আসে চাপ; গুরু নাম জপ করো, কমে যদি পাপ!” যা আরও জোরালো হাসির খোরাক জোগায় নেটপাড়ায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি শিবিরে অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের অভাবে রাজ্যে দলটি ক্রমশ পিছিয়ে পড়ছে। সেই হতাশা থেকেই শুভেন্দুর এমন আচরণ। একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি। কিন্তু দল ছাড়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন। তবে অনেক সময় তা শালীনতার সীমা অতিক্রম করে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
তৃণমূলের মতে, বিরোধী দলনেতার এই ধরনের বক্তব্য আসলে রাজ্যের বিজেপির রাজনৈতিক বিপর্যয়েরই প্রতিফলন। শুভেন্দুর এই নামজপের মধ্যে গেরুয়া শিবিরের ভবিষ্যতের প্রতি এক ধরনের অনিশ্চয়তা ও ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। এখন দেখার, বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিতর্ক নিয়ে কী অবস্থান নেয়।
আরও পড়ুন: Suvendu Adhikari: সামাজিক মাধ্যমের সংঘর্ষ! সামিরুলের বিরুদ্ধে শুভেন্দুর ভিডিও নিয়ে আইনি হুঁশিয়ারি