বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের (Bikash Bhavan teacher protest) বিক্ষোভে উত্তেজনা চরমে পৌঁছায়।তাঁরা পুলিশি বাধা উপেক্ষা করে মেন গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনকারীরা জানান, তাঁরা দ্বিতীয়বার কোনও পরীক্ষায় বসবেন না।তাঁদের মতে, যদি নতুন করে পরীক্ষা নিতে হয়, তবে মুখ্যমন্ত্রীসহ সমস্ত সাংসদকেও সেই পরীক্ষায় বসতে হবে।

তাঁরা বলেন, কোনও ঘুষের বিনিময়ে চাকরি না পাওয়ায়, বারবার যোগ্যতা প্রমাণের প্রয়োজন নেই।বিক্ষোভ চলাকালীন ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর।আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে আলোচনা না করেই গোপনে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।তাঁরা আরও জানান, তাঁদের অজ্ঞাতসারে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে।

চাকরিতে সাত বছর কাটানোর পরেও অভিযোগহীন কর্মীদের হঠাৎ চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।এই ঘটনায় তাঁরা সরাসরি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করছেন।বিক্ষোভ চলাকালীন পুলিশি বাধায় এক মহিলা আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন।সেই সময় বিক্ষোভকারীরা আরও একটি গেট ভেঙে ফেলে।এরপর পুলিশ মূল ভবনের শাটার নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।চাকরিচ্যুতদের প্রধান দাবি—ওএমআর শিটের ভিত্তিতে যোগ্যতা যাচাই হোক।তাঁরা চান, রিভিউয়ের মাধ্যমে সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল করা হোক।তাঁদের মতে, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, শাস্তি তাদেরই প্রাপ্য।অন্যের পাপের বোঝা বইতে তাঁরা রাজি নন।