উত্তরপ্রদেশের বারেইলির ভৌরিয়া গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাখী গাঙ্গওয়ার আজ হাজারো গ্রামীণ নারীর আশার আলো। মাত্র ৩৫ বছর বয়সে তিনি এক অসাধারণ সামাজিক উদ্যোগের মাধ্যমে ৫৫টি গ্রামের প্রায় ২০,০০০ নারী ও কিশোরীর জীবনে এনেছেন ইতিবাচক পরিবর্তন।
মা দিবস উপলক্ষে শুরু হয় তার এই ‘প্যাড ব্যাংক’ প্রকল্প। রাখী লক্ষ্য করেন, অধিকাংশ গ্রামীণ নারী আজও ঋতুকালীন স্বাস্থ্যবিধি মানেন না এবং কাপড় ব্যবহার করেন, যা নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়। প্রথমে নিজের সঞ্চয় থেকে ছাত্রীরা ও তাঁদের মায়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনে দেন। পরে ‘Niine’ নামে একটি স্যানিটারি প্যাড প্রস্তুতকারক সংস্থা তার এই উদ্যোগে সহায়তা করে।
রাখী শুধুমাত্র প্যাড বিতরণেই থেমে থাকেননি। তিনি মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য ডাক্তার ও কাউন্সেলরদের সহযোগিতায় মাসিক সভার আয়োজন করেন। নারীস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে সাহসের সঙ্গে এগিয়ে এসে তিনি সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছেন।
বাবার মৃত্যু, অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও রাখী নিজের পড়াশোনা চালিয়ে গেছেন—BBA, MBA, MA ও BTC সম্পন্ন করে হয়েছেন সরকারি স্কুলশিক্ষিকা। রাখীর এই প্রচেষ্টা ‘সামাজিক পরিবর্তনের পাঠশালা’র এক জীবন্ত উদাহরণ।
আরো পড়ুন: Kangana Ranaut: পাকিস্তানি গানে রিল শেয়ার করে বিতর্কে কঙ্গনা, উঠল ট্রোলের ঝড়
Image source-Google