ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) এর টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগে গ্রেফতার হলেন সেখানকারই এক কর্মচারী। জানা যাচ্ছে রবিবার রাতে সেই কর্মচারীকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ। সোমবার সকালে ধৃত কর্মচারীকে আদালতে তোলা হয়।
ভিক্টোরিয়ার (Victoria Memorial) কিউরেটর অভিযোগ করেছেন ভিক্টরিয়া টিকিট এবং অ্যানুয়াল পাস বিক্রির দায়িত্ব ছিল অভিযুক্তের ওপর। কিন্তু দেখা যায় টিকিট বিক্রির প্রায় ১৩ লক্ষ টাকার হদিস পাওয়া যাচ্ছে না। হিসেবে গরমিল ধরা পড়তেই অভিযুক্ত কর্মচারী স্বপন কুমার দে চম্পট দেন।
তারপরেই হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন ভিক্টোরিয়ার (Victoria Memorial) কিউরেটর। সে অভিযোগের ভিত্তিতেই শেষমেশ রবিবার রিজেন্ট পার্ক থানা এলাকার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতের বিচারক অভিযুক্তকে ২০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত একাই এই কাজে জড়িত ছিলেন নাকি কেউ তার সঙ্গে যুক্ত ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।