আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। কিন্তু শেষ রক্ষা হল না তাঁর। টেনিস জীবনের শেষ বছরে উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে হারলেন তিনি। ক্রোয়েশিয়ার মাতে পাভিচকে নিয়ে সানিয়া ৬-৪, ৫-৭, ৪-৬ গেমে হেরে গেলেন গত বারের চ্যাম্পিয়ন জুটি ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডিসারি ক্রচিকের কাছে।

সানিয়ারা (Sania Mirza) এ বারের উইম্বলডনের ষষ্ঠ বাছাই। তাঁরা হারলেন দ্বিতীয় বাছাই জুটির কাছে। প্রথম সেটে পঞ্চম গেমে বিপক্ষের সার্ভিস ব্রেক করেন সানিয়ারা। স্কুপস্কির সার্ভে পাভিচের একটি ইনসাইড-আউট ফোরহ্যান্ড রিটার্ন সানিয়াকে নেটের সামনে সহজ সুযোগ করে দেয়। এগিয়ে যায় ইন্দো-ক্রোট জুটি। এরপর বেসলাইন থেকে সানিয়ার দুরন্ত ফোরহ্যান্ড স্কুপস্কি সামলাতে পারেননি।

আরও পড়ুন: Taylor Fritz: উইম্বলডনে নাদালের সঙ্গে সমানে সমানে টক্কর ফ্রিৎজের

সানিয়াকে (Sania Mirza) দ্বিতীয় সেটের শুরুতে বাঁ পায়ের চোটের জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়। শুরু থেকেই মোটা ব্যান্ডেজ বেঁধে খেলছিলেন তিনি। কিন্তু শুরুতেই স্কুপস্কি-ক্রচিকের সার্ভিস ভেঙে দেন সানিয়া-পাভিচ। কিন্তু সানিয়ার দুর্বল সার্ভিস এবং ডাবল ফল্টে ম্যাচে ফিরে আসেন গত বারের চ্যাম্পিয়নরা। ৪-৪ করে ফেলেন তাঁরা। দ্বাদশ গেমে আবার সানিয়ার সার্ভিস ব্রেক হয়। দুটি দুর্দান্ত ভলিতে স্কুপস্কি-ক্রচিক ৩০-১৫ পয়েন্টে এগিয়ে যান।