ব্যাট হাতে নামলেই প্রতিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। কিন্তু মাঠের বাইরে একেবারেই অন্য মানুষ বৈভব সূর্যবংশী। মাত্র কয়েক দিনেই তরুণ ক্রিকেটারের এই দুই রূপ নজর কেড়েছে শ্রেয়স আয়ারের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে বৈভবকে নিয়ে এমনই অভিজ্ঞতার কথা জানালেন ভারত অধিনায়ক।
‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স জানান, মাঠের বাইরের বৈভবকে জানার আগ্রহ থেকেই তাঁর সঙ্গে নিয়মিত কথা বলেন। তিনি বলেন, সকলেই বৈভবের ক্রিকেটীয় প্রতিভা এবং ব্যাটিং নিয়ে আলোচনা করেন। কিন্তু মাঠের বাইরে তাঁর জীবন কেমন, সে বিষয়ে খুব বেশি কথা হয় না। তাই তাঁর পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়েও বৈভবের সঙ্গে কথা বলেন শ্রেয়স।
ভারত অধিনায়কের চোখে মাঠের ভিতরের বৈভব এবং মাঠের বাইরের বৈভব যেন সম্পূর্ণ দুই মানুষ। শ্রেয়স বলেন, সাধারণ সময়ে বৈভব খুবই চুপচাপ এবং শান্ত স্বভাবের। কিন্তু মাঠে নামলেই তাঁর মধ্যে সম্পূর্ণ অন্য একটি সত্তা দেখা যায়। মাত্র ১৫ বছর বয়সে এমন প্রতিভার পাশাপাশি তাঁর সরল স্বভাবও শ্রেয়সের মন জয় করেছে। তাঁর মতে, সাজঘরে বৈভবের মতো ক্রিকেটার থাকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলের হয়ে সোনা জেতার পর এ বার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়। এই সিরিজ়ে বৈভব প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে শ্রেয়সের বক্তব্যে সেই সম্ভাবনা আপাতত কম বলেই ইঙ্গিত মিলেছে।
ভারত অধিনায়ক জানিয়েছেন, দলে ইতিমধ্যেই রয়েছেন দুই বিশ্বকাপজয়ী ওপেনার। তাঁর মতে, তাঁদেরই আগে সুযোগ পাওয়া উচিত। বৈভবের বয়স মাত্র ১৫ বছর। তাই এখনই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। সময় এলে নিয়মিত সুযোগ পাবেন তিনি এবং তখন নিজের প্রতিভার জোরে দাপট দেখাবেন বলেই আশাবাদী শ্রেয়স।
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতার পর খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না ভারতীয় দল। মঙ্গলবার থেকেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নামবেন শ্রেয়সরা। সেই সিরিজ় শেষ হওয়ার পরই নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানেও রয়েছে টি-টোয়েন্টি সিরিজ়।
আরও পড়ুন: ‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’, বিতর্কের মাঝে মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত
Image source-Google