বর্ষার মরশুম শুরু হতে না হতেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গির(Dengue) প্রকোপ বাড়ছে। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষত উত্তরবঙ্গের কিছু জায়গায় ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে ডেঙ্গিতে(Dengue) মৃত্যু খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

ডেঙ্গিতে মৃত্যুর অডিট করবে স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে বৃহস্পতিবার চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। জানা যাচ্ছে কমিটিতে থাকবেন রাজ্যের জনস্বাস্থ্য এবং হেলথ সার্ভিসেস এর যুগ্ম অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।

স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে এই চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি মৃতদের চিকিৎসার খুটিনাটি এবং ডেথ সার্টিফিকেট খতিয়ে দেখে রোগীর মৃত্যু আদৌ ডেঙ্গিতে(Dengue) হয়েছে কিনা সেই সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী হাসপাতাল বা বেসরকারী হাসপাতালগুলিকে এই সংক্রান্ত সমস্ত তথ্য বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগেও করোনার সময় রোগীর মৃত্যু আদৌ কোভিডেই হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য এরকমই এক অডিট কমিটি গঠন করা হয়েছিল। যদিও সেই সময়ও এই বিষয়ে বিতর্কের ঝড় উঠেছিল।